কাটল বিনিদ্র রাত! এখনও দাবীতে অনড় জুনিয়র চিকিৎসকরা, রাস্তায় বসে চলছে ধর্না, টলানো যাবে না প্রতিবাদী সত্ত্বাকে

সূর্যের তেজ হোক বা পুলিশের রক্তচক্ষু, কোনও কিছুতেই যে তারা ভয় পান না, তা তারা প্রমাণ করে দিয়েছেন। এক নির্ঘুম রাতের পর সকালের আলো ফুটতেই ফের সেই একই উদ্যমে জারি তাদের প্রতিবাদ। মাথার উপর রোদ তাতে কী, ত্রিপল টাঙিয়েই চলছে তাদের আন্দোলন। গতকালই তারা বলেছিলেন, তারা ৩৬ ঘণ্টা-৪৮ ঘণ্টা ডিউটি করা ডাক্তার, তারা সময়ের ভয় পান না। তেমনটাই হল সকাল থেকে ফের নিজেদের দাবীতে অনড় জুনিয়র চিকিৎসকরা।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। প্রতিবাদে সামিল নানান স্তরের মানুষ। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা হাল ছাড়বেন না, স্পষ্ট কথা সকলের। দিকে দিকে চলছে আন্দোলন মিছিল। এরই মধ্যে গতকাল, সোমবার লালবাজার অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবীতে হয় এই অভিযান।

আর জি করের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দেরিতে এফআইআর করা থেকে শুরু করে ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ না করতে পারা, আর জি করের হামলার ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। কারা সেদিন হামলা চালিয়েছিল, তাদের পরিচয় কী, এসব জানতে চান তারা। এরই সঙ্গে দাবী পুলিশ কমিশনারের পদত্যাগের।

গতকাল তাদের মিছিলকে ফিয়ার্স লেনে আটকে দেয় পুলিশ। সামনে ৯ ফুট উঁচু লোহার প্রাচীর। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান নি চিকিৎসকরা। তাদের কথায়, তারা কোনও সংঘর্ষ চান না। শান্তিপূর্ণভাবেই আন্দোলন করবেন তারা। মিছিল এগোতে না দিলে সেখানে রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র চিকিৎসকরা। দাবী ছিল, পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে কথা বলতে হবে সেখানে গিয়ে আর নয় তো লালবাজার থেকেই পদত্যাগ করতে হবে তাঁকে। অ্যাডিশনাল সিপি এসে বারবার কথা বললেও নিজেদের দাবী থেকে সরে যান নি আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ আর জি করের ঘটনার ২৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ

সারারাত অবস্থান বিক্ষোভের পর সকালেও নিজেদের দাবীতে অনড় তারা। চোখেমুখে ক্লান্তির লেশমাত্র নেই। সহকর্মীর ন্যায় বিচারের দাবী থেকে টলানো যাবে না তাদের। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা অবস্থান করবেন সেখানেই। গতকাল রাতে চিকিৎসকদের সঙ্গে দেখা না করেই চলে যান পুলিশ কমিশনার। আজ সকাল ১০টার পর লালবাজার ঢুকেছেন তিনি। আজ কী আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন তিনি। জুনিয়র চিকিৎসকদের পরবর্তী কর্মসূচিই বা কী হবে? এখন সেই উত্তরের অপেক্ষায় সকলে।  

RELATED Articles