সাতসকালে অগ্নিকান্ড কলকাতা মেডিক্যালের কোভিড ওয়ার্ডে! দমকলের ৪ ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে

ফের অগ্নিকান্ড শহরের বুকে। এবার কলকাতা মেডিক্যাল কলেজ। এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন ও বউবাজার থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার ভোর পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিং অর্থাৎ করোনা ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এরপর‌ই ঘটনাস্থলে পৌঁছয় চারটি ইঞ্জিন ও বউবাজার থানার পুলিশ। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। স্বাভাবিকভাবেই হাসপাতালে এহেন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেতেই রোগীদের ওই ওয়ার্ড থেকে সরানোর ব্যবস্থা করা হয়। রোগী স্থানান্তরের সময় হুড়োহুড়িতে যাতে কোনওভাবে দুর্ঘটনা না ঘটে সেদিকেও নজর দেয় কর্তৃপক্ষ।

দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নেভার পরই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেতেই স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা গ্রাস করে মেডিক্যাল কলেজে ভর্তি রোগীদের পরিবারের। এই ঘটনায় হতাহতের কোন‌ও খবর মেলেনি।

RELATED Articles