নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজনীতি উত্তাল। এতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। হাইকোর্টের নির্দেশে দু’দিন আগেই চাকরি গিয়েছে এসএসসি গ্রুপ সি-র (SSC Group C) ৮৪২ জনের। আর এই বাতিলের তালিকায় নাম রয়েছে শাসক দলের একাধিক নেতার পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের যা নিয়ে বিরোধীরা কটাক্ষ শুরু করেছে। কিন্তু এই সমস্ত অভিযোগে তেমন আমল দিতে নারাজ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবী, “তৃণমূল (TMC) গঙ্গার মতো। গঙ্গায় অনেক নালার জল এসে পড়ে। তা বলে কি গঙ্গা নালায় পরিণত হয়েছে”।
গতকাল, রবিবার কলকাতার মোমিনপুরের রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের পরপর প্রশ্নের উত্তর দেন তিনি। গ্রুপ সি-তে চাকরি বাতিলের প্রসঙ্গে ফিরহাদ গঙ্গার প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, “কোনও এক ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। এখানে অনেক নালা এসে জুড়েছে”।
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সমস্ত কিছু ত্যাগ করে মানুষের আন্দোলন করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জীবনটা তিনি মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারওর তুলনা হবে না”।
অন্যদিকে আবার বকেয়া ডিএ-র দাবী নিয়ে প্রায় দেড় মাস ধরে ধর্মতলার শহিদ মিনারের নিচে অনশন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবী তুলেছেন তারা। কিন্তু রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের রাজকোষের অবস্থা খারাপ তাই বাড়তি ডিএ দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএ নিয়ে বলেন, “আমার মুন্ডু কেটে নিলেও ডিএ-র দাবি মেটানো সম্ভব নয়”।
এদিন অনেকটা সেই সুরেই সুর মিলিয়ে ফিরহাদও বলেন, “আমাদের সরকারি কর্মচারীরা যদি বেশি পায় আমরাই আনন্দ পাব। কিন্তু যদি টাকা না থাকে তবে মারধর করলেও আমাদের থেকে টাকা বের হবে না”।





