৫ বছরের শিশুকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত শিশুর খুড়তুতো দাদা

ফের শিশু বিক্রির ঘটনা রাজ্যে। ৫ বছরের শিশুকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ওই শিশুরই খুড়তুতো দাদার বিরুদ্ধে। গত শুক্রবার সকাল থেকেই নিখোঁজ শিশুটি। রাত পর্যন্ত কোনও খবর না মেলায় অপহরণের অভিযোগ তুলে পুলিশে লিলহিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। তদন্ত করছে পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, ডোমজুড়ের বানিয়ারায় বাড়ির বাসিন্দা ওই বছর পাঁচেকের শিশু। নাম রোহন মালিক। পরিবারের অভিযোগ, শিশুটির খুড়তুতো দাদা শিশুটিকে অপহরণ করে নিয়ে গিয়েছে। পরিবারের আশঙ্কা, ওই যুবক হয়ত শিশুটিকে বিক্রি করে দিয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি। ডোমজুড়ে ওই শিশুটির বাড়ি বেড়াতে গিয়েছিল বছর পঁচিশের ওই যুবক। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই যুবক শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর আর ফেরেনি সে।

অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন শিশু আর ওই যুবকটি ফেরেনি, তখন খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। কোনও সন্ধান না মেলায় ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবী, পরিকল্পনা করেই শিশুটিকে অপহরণ করে কোথাও আটকে রেখেছে ওই যুবক। পুলিশের তদন্তে ঠিক সত্যিটা বেরিয়ে আসবে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক কর্মসূত্রে কেরলে থাকে।

কী জানাচ্ছে শিশুর পরিবার?

শিশুটির মা মেহেনুর বেগম শনিবার কাঁদতে কাঁদতে বলেন, “ভাইপো আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। ওকে বিক্রি করে দিয়েছে। আমার ছেলেকে ফেরত চাই। ওদের পরিবারের সঙ্গে আমাদের ঝগড়াঝাঁটি রয়েছে। তাই এমন কাজ করেছে আমার ভাইপো”।

শিশুটির বাবা মুকারিম মল্লিক বলেন, “শুক্রবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করে আমরা যখন ছেলেকে পাইনি। তখন বিকেল চারটে নাগাদ ডোমজুড় থানায় গিয়ে অপহরনের ডায়েরি করেছি। আমাদের ছেলেকে ফিরিয়ে দিক পুলিশ”।

RELATED Articles