নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে স্নান, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৫ যুবক

নিষেধাজ্ঞা ছিল কিন্তু তা মানার প্রয়োজনই মনে করেন নি। এর জেরেই ঘটে গেল বড় দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৫ যুবক। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন ও ১ জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার কলকাতা থেকে মন্দারমণিতে এসেছিলেন এই যুবকরা। আজ শুক্রবার ঘটল বিপত্তি। হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবকের নাম সিদ্ধার্থ সাহা (২৪) এবং শেখ আব্দুস (২২)। নিখোঁজ দুই যুবকের নাম ওসামা আহেত (২৫) এবং আতিফ হায়দার (২৫)। জানা গিয়েছে, এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার তালতলা এলাকায়।

বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের তরফে সমুদ্রে কাউকে নামতে নিষেধ করা হয়েছিল। চলছিল কড়া নজরদারি। কিন্তু দুপুরের দিকে একটু নজরদারি শিথিল হতেই সমুদ্রে স্নান করতে নেমে পড়েন ওই ৫ যুবক। আর ঘটে যায় বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, ওই পাঁচ যুবক ম’দ্য’পা’ন করেছিলেন। ম’দ্য’প অবস্থাতেই তলিয়ে যান তারা। তিনজনকে উদ্ধার করা গেলেও বাকি দু’জন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নাম নাভেদ আখতার। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল, বৃহস্পতিবার ছিল কৌশিকী অমাবস্যা। এর জেরে উত্তাল সমুদ্র। গত বুধবার রাত থেকেই রুদ্ররূপ ধারণ করেছে সমুদ্র। বৃহস্পতিবারও দিঘায় স্নান করতে নেমে এক পর্যটক বিপদের মুখে পড়েছিলেন। নুলিয়ারা সতর্ক থাকায় কোনওমতে উদ্ধার করা গিয়েছিল তাঁকে। দিঘা হাসপাতালে ভর্তি করা হয় ওই পর্যটককে। অমাবস্যা তিথি পেরোলেও এখনও সমুদ্র উত্তাল। পর্যটকদের সতর্ক থাকতে প্রচার চালাচ্ছে প্রশাসন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর