চার হাজার পড়ুয়া ফিরছে কিরঘিজস্তান থেকে, সৌজন্যে বলিউড অভিনেতা সোনু সুদ

লকডাউন চলাকালীন তিনি যেভাবে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছেন তা প্রশংসা কুড়িয়েছে সকলেরই। ‌এবার কিরঘিজস্তানে আটকে পড়া চার হাজার ভারতীয় পড়ুয়াকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন গরিবের মসিহা বলিউড অভিনেতা সোনু সুদ। দেশের গণ্ডি ছেড়ে এবার বিদেশেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই বলিউড অভিনেতা।

সম্প্রতি সোনুকে ট্যুইট করেন কিরঘিজস্তানে আটকে পড়া বিহার এবং ঝাড়খন্ডের বেশ কয়েকজন মেডিক্যাল পড়ুয়া। করোনার জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিদেশে তাঁরা আটকে পড়েছেন বলে জানান বলিউড অভিনেতাকে। এই টুইট দেখে থেমে থাকেননি অভিনেতা।

তিনি ওই পড়ুয়াদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন এবং তিনি প্রতিশ্রুতি দেন চার্টার বিমানে করে তাঁদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, ২২ জুলাইয়ের মধ্যে ওই পড়ুয়াদের দেশে ফিরে আনতে পারবেন বলেও জানান সোনু।

এরপরেই সোনু সুদের টিম মাঠে নেমে পড়ে। সোনু তার টিমের সঙ্গে ওই পড়ুয়াদের যোগাযোগ করতে বলেন। একটি নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া হয় যেখানে সেই পড়ুয়াদের নিজেদের ফোন নম্বর এবং বাকি যা যা প্রয়োজনীয় তথ্য আছে তা মেল করে দিতে বলা হয়। জানা যাচ্ছে, কিরঘিজস্তানে আটকে পড়া ৪ হাজার পড়ুয়াকে বিশেষ বারাণসীর বিমানে করে ফেরানো হবে।২২ জুলাই প্রথম কিরঘিজস্তানের উদ্দেশে সোনুর চার্টার বিমান উড়ে যাবে।

বলিউড ও দক্ষিণী ছবিতে তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে যে তিনি একজন সুপারহিরো তা বারবার প্রমাণ করে চলেছেন সোনু সুদ।

RELATED Articles

Leave a Comment