“মোদীই প্রকৃত নেতা”, দীনেশ ত্রিবেদীর ঢালাও প্রশংসা, তবে কি বিজেপিতেই প্রাক্তন তৃণমূল সাংসদ?

হঠাৎ করেই সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়েন দীনেশ ত্রিবেদী।

রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ জানান, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না, দমবন্ধ হয়ে আসছে। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারপর থেকেই তাঁর গলায় মমতা বিরোধী সুর। কখন‌ও বলেছেন মমতার ইগোতেই কেন্দ্র-রাজ্য সদ্ভাব গড়ে তোলা সম্ভব হয়নি। কখন‌ও কেন্দ্র এবং রাজ্যে এক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

আর এবার এহেন দীনেশ ত্রিবেদীর গলাতেই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য। ‘প্রধানমন্ত্রী প্রকৃত নেতা। আত্মনির্ভরতার ধারক ও বাহক।’ আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের প্রাক্তন সাংসদ। তাঁর এই টুইটে দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার সকালে দিল্লির এইমস থেকে করোনা টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এদিন থেকে দেশজুড়ে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর বয়স্কদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা টিকা নিতে পারবেন। ওয়াকিবহাল মহলের ধারণা, স্বদেশি টিকার উপর দেশবাসীর ভরসা বাড়াতেই সকাল সকাল কোভ্যাক্সিনের ডোজ নিলেন মোদি। তাঁর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন দীনেশ ত্রিবেদী। টুইটারে প্রাক্তন এই তৃণমূল নেতা লেখেন, “একজন সত্যিকারের নেতা। যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাকেই বলে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস।” উল্লেখ্য, রবিবারই প্রধানমন্ত্রীকে ‘মাটির মানুষ’ বলে প্রশংসা করেন রাজ্যের প্রাক্তন বিরোধী নেতা গুলাম নবি আজাদ।

ভোটের বাংলায় রাজনৈতিক মহলে জোর জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, নির্ভরযোগ্য এই সৈনিকও পা বাড়াচ্ছেন বিজেপির পথেই।

RELATED Articles