কয়লা পাচারকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি। এবার এরই মধ্যে ফের একবার ভোটের আগেই বিপাকে পড়ল শাসকদল। সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি। সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টার সময় কুণালকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এ বিষয়ে ইডি-কে সবরকম সাহায্য করবে বলেই জানান কুণাল।
আরও পড়ুন- পুলিশ কমিশনারকে চিঠি বিজেপির, পোস্টাল ব্যালেটে কারচুপির অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে
ভোট শুরু হতে না হতেই শুরু হয়েছে খেলা। নানান দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্ত। গত সপ্তাহেই কয়লা পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ক নোটিস পাঠায় সিবিআই। এরপর গত মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সারদা ও রোজভ্যালি কাণ্ডের তদন্ত যেন থেমে গিয়েছিল। এবার ফের একবার সেই তদন্তে ডাক পড়ল কুণালের।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ইডির হাতে সারদাকাণ্ডে বেশ কিছু নতুন তথ্য এসেছে। সেই কারণে কুণালের থেকে কিছু তথ্য পাওয়া জরুরী। এই কারণেই আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- সামনে রাখা মদের বোতল, মদ্যপ অবস্থায় অশ্লীল নাচ তৃণমূল নেতার! অস্বস্তিতে শাসকদল
ইডির নোটিস পেয়ে কুণাল জানান, “আমি নোটিস পেয়েছি। ২০১৩ সাল থেকে আমি তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সাহায্য করে এসেছি। এবারেও তাই-ই করব। মঙ্গলবার নির্ধারিত সময়েই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেব”।
উল্লেখ্য, সারদাকাণ্ডের জেরে এর আগে দীর্ঘদিন জেলে ছিলেন কুণাল। সেই সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবীও তোলেন। এরপর জেল থেকে জামিনে বেরিয়ে তিনি তৃণমূলের মুখপাত্র হয়েছেন।





