ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের একাংশ। দুর্গাপুজোর সময়েও দলের গোষ্ঠীদ্বন্দ্ব জারি। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায় গতকাল, রবিবার রাত থেকে শুরু হয় অশান্তি।
অভিযোগ, বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী অশান্তি শুরু করে গতকাল রাতে। এলাকায় চাঁদা তোলার নামে তোলাবাজি করছিল তারা। তাদের বাধা দিতে গেলে মারধর করে তারা। এই ঘটনার জেরে চারজন তৃণমূলের সমর্থক জখম হয়েছেন।
এই এলাকার তৃণমূল সমর্থকদের অভিযোগ, এলাকার তিন-চার জন বিধায়ক ঘনিষ্ট তৃণমূল কর্মী তাদের থেকে টাকা চায়। তাদের দাবী অনুযায়ী টাকা দিতে অস্বীকার করায় অশান্তি বাঁধায় তারা। এই অশান্তি ক্রমশ সংঘর্ষের চেহারা নেয়। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “এটা তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠী কোন্দল বা সংঘর্ষের ঘটনা নয়। এলাকার পারিবারিক অশান্তি হতে পারে। পুলিশ প্রশাসন আছে। অপরাধ করলে কেউ ছাড়া পাবে না”।





