উমার বিদায়ের আগে বড় অঘটন ৯০০ বছরের বেশি পুরনো পুজোতে, চুরি গেল মা দুর্গার সোনার গয়না-সহ সমস্ত অস্ত্র

আজ মহাদশমী। মর্ত্য ছেড়ে ফের কৈলাসে মহাদেবের কাছে ফেরার পালা উমার। আকাশে-বাতাসে বিষাদের সুর বাজছে। নানান মণ্ডপে শুরু হয়ে গিয়েছে বিজয়ার প্রস্তুতি। দশমীর বিদায়বেলায় এল এক বড় অঘটনের খবর। চুরি গেল মা দুর্গার সমস্ত সোনার গয়না ও অস্ত্রও। এর জেরে দশমীতে বিষাদের ছায়া এলাকাজুড়ে।

এমন অঘটন ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি থানা এলাকার অন্তর্গত পার রসোড়া গ্রামে ঘোষ বাড়ির দুর্গাপুজো ৯০০ বছরের বেশি পুরনো। পুরনো রীতি মেনেই প্রতি বছর পুজো হয় এই পরিবারে। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। সেই পুজোতেই এবার বড় অঘটন। চুরি গেল মা দুর্গার সোনার গয়না ও অস্ত্র।

পরিবার সূত্রে খবর, দশমীর দিন ভোর ৫টা নাগাদ মন্দিরে যান তারা। আর গিয়েই থমকে যান সকলে। দেখেন যে মা দুর্গার গা থেকে সমস্ত গয়না খুলে নেওয়া হয়েছে। রুপোর অস্ত্রও চুরি গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত চোরকে ধরা সম্ভব হয়নি। এই ঘটনায় একদিকে যেমন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, তেমনই দশমীর দিন শোকের ছায়াও নেমে এসেছে এলাকায়।

এই ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্য অনুপম ঘোষ বলেন, “ভোরে আমরা যখন মন্দিরে আসি তখন দেখি মা দুর্গার সোনার গয়না-সহ যাবতীয় জিনিস চুরি হয়ে গিয়েছে। অস্ত্রও চুরি হয়েছে। কে করেছে আমরা জানি না। পুলিশ তদন্ত করছে। এবার দেখা যাক কী হয়। আমাদের এই পুজো প্রায় ৯১৭ বছরের পুরনো। কিন্তু, পূর্ব পুরুষদের কারও মুখে এ ধরনের ঘটনার কথা শুনিনি। পুজোর সময় এরকম হওয়ায় ভয় তো খানিক লাগছেই আমাদের”।

RELATED Articles