হিন্দুদের সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো। তবে এই উৎসব পালনে শুধুমাত্র হিন্দুরাই নয়, সামিল হন অন্যান্য ধর্মের মানুষও। এমন সম্প্রীতি হয়ত বাংলাতেই সম্ভব। এবার এই সম্প্রীতির জোরেই এক অনন্য পুজো দেখল বাংলার মানুষ। হিন্দু ও মুসলিমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে গ্রামে প্রথম দুর্গাপুজো করল।
এই ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুরে। হিন্দুদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুজোর আয়োজন করেছেন মুসলিমরাও। এমন সম্প্রীতির পুজো জেরে প্রশংসা করেছেন সকলেই।
জানা গিয়েছে, হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত সিঙ্গুর ২ নম্বর রতনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে অনেকেই মুসলিম ধর্মের মানুষ রয়েছেন। তারা সকলে মিলেমিশেই গ্রামে বসবাস করেন। হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষই বেশ দীর্ঘদিন ধরেই এই গ্রামে দুর্গাপুজো করার কথা ভাবছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা হয়ে উঠছিল না।
অবশেষে সমস্ত বাধা কাটিয়ে গ্রামে প্রথম দুর্গাপুজোর উদ্যোগ নেন নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য আরমান রহমান। পুজোর সম্পাদকের দায়িত্ব ছিলেন তিন। এই পুজোর মধ্যে দিয়ে হিন্দু ও মুসলিম ধর্মের মানুষরা যেন একান্নবর্তী পরিবারের সম্প্রীতির বার্তা দিলেন।
গ্রামের হিন্দু-মুসলিম বাসিন্দারা একসঙ্গে বসে বৈঠক করে গ্রামের প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। এমন পুজোর মধ্যে দিয়ে গোটা রাজ্যের কাছে এক সম্প্রীতির বার্তা দিলেন এই গ্রামের বাসিন্দারা।





