আসন্ন পঞ্চায়েত ভোটে কোনও হিংসা বরদাস্ত করা হবে না, রাজ্যপালের সঙ্গে সুকান্তের বৈঠকের পর কড়া ভাষায় জানিয়ে দিল রাজভবন

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ( Panchayet Election) কোনও হিংসা বরদাস্ত করা হবে না। দুর্নীতিতেও জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে রাজভবন। আজ, শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) মধ্যে বৈঠকের পর বিবৃতি দিয়ে এমনটাই জানাল রাজভবন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে বাংলার যাতে ভালো হয় ও আইনশৃঙ্খলা যাতে সঠিক থাকে, সেদিকে লক্ষ্য রাখাই রাজ্যপালের প্রধান লক্ষ্য।

আজ, শনিবার সকালেই রাজ্যপালের থেকে আগাম সময় নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে যান সুকান্ত মজুমদার। এই প্রথম রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কোনও বিজেপি নেতার বৈঠক হল। এদিন বৈঠক শেষে রাজভবনের বাইরে এসে সুকান্ত বলেন যে রাজ্যপাল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন। রাজ্যে চলতে থাকা দুর্নীতি ও আইনশৃঙ্খলা অবনতি রোখাই রাজ্যপালের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

এদিন সুকান্ত মজুমদারের বৈঠকের পরই রাজভবনের তরফে বিবৃতি পেশ করা হয়। সেখানে হিংসা ও দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয় যে রাজ্যপাল দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন।

বিবৃতি অনুযায়ী, “দু-মাস তিনি (সি.ভি আনন্দ বোস) এই রাজ্যে এসেছেন। তাঁর মূল লক্ষ্য হল, ভারতের সংবিধান রক্ষা। আইনের শাসন বলবৎ রাখা এবং বাংলার মানুষের ভাল যাতে হয় তার দিকে নজর রাখা”।

এই প্রসঙ্গে রাজ্যপালের তরফে আরও জানানো হয়, “পঞ্চায়েত ভোটে হিংসা বরদাস্ত নয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ব্যবস্থা নিতে হবে। রাজ্য আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। পুনরায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। রাজ্যে নিয়ম মেনে লোকায়ুক্ত হয়নি”। অন্যদিকে এই বিবৃতিতে আরও জানানো হয় যে UGC-র নিয়ম মেনে রাজ্যপালই আচার্য থাকছেন।

উল্লেখ্য, এদিন মূলত ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ নানান প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার রাজ্যপালের কাছে। এও জানান যে এত দুর্নীতির কারণেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর।

এদিন রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ্যে আসার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যপাল সঠিক রাস্তায় ফিরে আসছেন। সংবিধানের রক্ষাকর্তা হিসাবে কাজ করুন। বিশ্বাস তিনি ট্র্যাকে ফিরে আসতে শুরু করেছেন”।

RELATED Articles