মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক, আটকে রাখা হল শিক্ষকদের, প্রতিবাদে রাঁধুনিরা

রাজ্যে মিড ডে মিল নিয়ে অভিযোগের অন্ত নেই। কখনও মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগ, কখনও আবার খাবারে টিকটিকি, আরশোলা, পোকা, মরা সাপ এসব মিলছে, তা  নিয়ে অভিযোগ। মিড ডে মিলে বেশ বড় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। এরই মধ্যে ফের মিড ডে মিল নিয়ে এক অভিযোগ উঠল। স্কুলের প্রধান শিক্ষকই মিড ডে মিলের টাকা হজম করে নিয়েছেন।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

এই ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিদ্যামন্দির আর আর প্রাথমিক স্কুলে। সেই স্কুলের প্রধান শিক্ষক হলেন মানবেন্দ্র দেবনাথ। তাঁর বিরুদ্ধেই মিড ডে মিলের টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান রাঁধুনিরা।

কী অভিযোগ উঠেছে?

রান্নার মহিলারা জানাচ্ছেন, করোনাকালে স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছিল না। সেই সময় সকল স্বনির্ভর গোষ্ঠীকে টাকা দেওয়া হয় সরকারের তরফে। সেই টাকার পুরোটাই নিজে হজম করেছেন প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ।

রাঁধুনিরা জানাচ্ছেন, ওই টাকার কিছুই পান নি তারা। টাকা চাইতে গেলেই নানা অজুহাত দেখান প্রধান শিক্ষক। আর সেই ৯৬ হাজার টাকা নাকি প্রধান শিক্ষক একটি সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। রাঁধুনিরা জানান, তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলেন নি। তাই তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তাঁর দাবী, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কেউ যদি টাকা নয়ছয় করার প্রমাণ দিতে পারে তাহলে তিনি সব টাকা ফেরত দিয়ে দেবেন। তিনি আবার রান্নার মহিলাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।  

RELATED Articles