স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আর হাড়ের অস্ত্রোপচার হবে না বেসরকারি হাসপাতালে, নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর

এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে আর হাড়ের অস্ত্রোপচার হবে না বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী প্রকল্পে বড় বদল এনে এমন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। তবে নির্দেশিকাতে এও জানানো হয়েছে যে পথ দুর্ঘটনায় আহত কোনও ব্যক্তির যদি হাড়ের অস্ত্রোপচারের দরকার হয়, সেক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র সরকারি হাসপাতাল থেকেই হাড়ের অস্ত্রোপচার করাতে হবে।

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এর আগে নানান অভিযোগ উঠেছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা একাধিকবার। কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল চিকিৎসা করে নি, এমন অভিযোগও উঠেছে। এই নিয়ে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার।

এবার এই দুর্নীতি বন্ধ করতেই নতুন এই নিয়ম চালু করল স্বাস্থ্য দফতর। গত এক বছর ধরে মুর্শিদাবাদ ও মালদহে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু ছিল। এবার থেকে গোটা রাজ্যেই চালু হয়ে গেলেই নতুন নির্দেশিকা।

স্বাস্থ্য দফতরের এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করার মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকলে, তবেই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট ফর্মে রেফারেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে রোগীকে। সরকারি হাসপাতালের সুপারের সাক্ষর থাকতে হবে ওই ফর্মে।

রাজ্যবাসী যাতে হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পায়, সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প। তবে এই কার্ড থাকা সত্ত্বেও একাধিকবার পরিষেবা দিতে রাজি হয়নি অনেক বেসরকারি হাসপাতাল, এমন ঘটনাও কম নয় রাজ্যে। প্রশাসনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি। এবার সেই সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর।  এই দুর্নীতি দূর করতে প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।  

RELATED Articles