তীব্র দাবদাহ থেকে এখনই স্বস্তি নয়, গরমে রোদের হলকানিতে পুড়বে চামড়া, সপ্তাহান্তে বৃষ্টির স্বাদ পেতে পারে বঙ্গবাসী

রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ (Heat Wave) বাইরে বেরোলে এই গরম হাওয়া পুড়িয়ে দিচ্ছে ত্বক। কল খুললেও সে জলও গরম। ‌ কোথাও স্বস্তি নেই গরমের হাত থেকে। এমনকি বিকেল হলেও ঠান্ডা হাওয়া বইছে না। সোমবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। গত ৪৪ বছরে রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ৪৫ ছুঁয়েছে। আজ সেই তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। রবিবারের আগে ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট ঘিরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পোস্টটিতে লেখা আছে, ‘৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। পশ্চিমবঙ্গের দাবদাহের (Heat Wave) ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে দক্ষিণবঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার।’

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও সতর্কবার্তা তাঁদের তরফে দেওয়া হয়নি। পোস্টটি ভুয়ো বলে দাবি করা হয়েছে।‌ সোমবার রাজ্যের ১১ টি এলাকায় তীব্র তাপপ্রবাহ (Heat Wave) চলেছে। আজও পরিস্থিতি একই থাকবে। গতকাল রাজ্যের মধ্যে সর্বোচ্চ গরম ছিল কলাইকুন্ডাতে। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গতকাল মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদমে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪২ ডিগ্রির ঘরে । কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বেলা তিনটের পর সেই তাপমাত্রায় পৌঁছেছিল ৪২ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তরের তরফে তাপপ্রবাহের (Heat Wave) জন্য সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে এপ্রিলেই পারদ ৪৫ ডিগ্রি পেরিয়েছে। মে মাসে এসে পরিস্থিতি কিছুটা ভয়ংকর হতে পারে। আগামী ৩রা মে অব্দি অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। ‌ অস্বস্তিকর পরিস্থিতিতে ভুগতে হবে বঙ্গবাসীকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ পেরিয়ে উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ (Heat wave)। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। কাজেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

RELATED Articles