গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, খানিক স্বস্তিতে বঙ্গবাসী

বৃহস্পতিবার সকাল থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি বর্তমানে ওড়িশা উপকূল থেকে ছত্তিসগড়ের দিকে এগোচ্ছে। এর জেরেই ওই দুই রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আর এর প্রভাব পড়েছে বাংলায়।

কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দুই ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলে জানা গিয়েছে। এর সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আজ, বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ।  নিম্নচাপের জেরে আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?

দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles