যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পর গিয়েছিল। এই ঘটনায় উঠে আসে র্যাগিংয়ের অভিযোগ। এবার ফের র্যাগিংয়ের অভিযোগ উঠল আর জি কর মেডিক্যাল কলেজের হোস্টেলে। হোস্টেলে পড়ুয়াদের উপর মানসিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। কিছু পড়ুয়া পুলিশের দ্বারস্থ হলেন অভিযোগ তুলে।
কী ঘটেছে ঘটনাটি?
পুলিশ সূত্রে খবর, গতকাল, বুধবার আমহার্স্ট স্ট্রীট থানায় আর জি কর মেডিক্যাল কলেজ হোস্টেলের কয়েকজন পড়ুয়া অভিযোগ দায়ের করেছেন। তারা জানান, মানিকতলা ক্রসিংয়ের কাছে আর জি করের যে হোস্টেলটি রয়েছে, তারা সেখানেই থাকেন। সেখানেই তাদের র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ জানান পড়ুয়ারা।
পড়ুয়াদের অভিযোগ, ওই হোস্টেলের কয়েকজন প্রাক্তন, কর্মী ও আর জি করের ইন্টার্নরা তাদের র্যাগিং করেছে। তাদের দাবী, রাতে ৩টে নাগাদ হোস্টেল রুমের দরজা বন্ধ করে র্যাগিং করা হয়েছে তাদের। মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়, তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয় হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ ওঠে। তদন্তে জানা যায়, ওই ছাত্রের উপর অত্যাচার করা হয়েছিল। এই ঘটনায় প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট ১২ জন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। এখনও তদন্ত চলছে, এই ঘটনায় বিতর্ক শেষ হতে না হতেই ফের আর জি কর হোস্টেল থেকেও উঠে এল র্যাগিংয়ের অভিযোগ।





