Weather update : ফের একটানা বৃষ্টি শুরু, আকাশ জুড়ে ঘন কালো মেঘ! ছুটির দিনেও স্বস্তি নেই বঙ্গবাসীর!

বাঙালির ছুটির সকাল মানেই চায়ের কাপ হাতে জানালার ধারে বসে থাকা! কিন্তু জুনের শেষ সপ্তাহে সেই দৃশ্য যেন ঘোলাটে আকাশে হারিয়ে গেছে। সকাল হতেই কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, যেন সূর্যই লুকিয়ে পড়েছে। কখনও একফোঁটা, কখনও আবার হঠাৎ ঝেঁপে বৃষ্টি নামছে শহরজুড়ে। আবহাওয়ার এমন মুডে হাঁসফাঁস জনজীবন। যেদিকে তাকানো যায় শুধু ভিজে রাস্তাঘাট আর কাদামাখা পায়ের ছাপ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় ফের একটানা বৃষ্টি শুরু হতে চলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি। আজ এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আগামী দিনগুলিতে আরও ভয়াবহ রূপ নিতে চলেছে আবহাওয়া।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির দাপট থাকবে বলে জানানো হয়েছে। বুধবার এই তালিকায় যুক্ত হবে হাওড়া ও হুগলিও। প্রবল বৃষ্টির জেরে জল জমে যানজট, ঘরবন্দি অবস্থা এবং ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে বলে মনে করছেন কৃষি ও প্রশাসনিক কর্তারা।

বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরপর তিনদিন ধরে এই অঞ্চলগুলিতে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। নীচু অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ Dumdum : ডেঙ্গির কবলে প্রাণ গেল ১৩ বছরের সারণীর, শোকস্তব্ধ দমদম !

একইসঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির তাণ্ডব চলছে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা, যা অতি ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়। সোমবার এই জেলাগুলিতেও বৃষ্টির দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস মিলেছে। ফলে পাহাড় ও সমতল দুই জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে প্রশাসন ও সাধারণ মানুষকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles