Weather update : সপ্তাহজুড়ে বর্ষার দাপট, সতর্কতা হাওয়া অফিসের, ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা!

দু-এক ফোঁটা নয়, বর্ষার রেশে গত কয়েক দিন ধরেই শহর কলকাতা ভিজছে মাঝেমধ্যেই। আকাশ ঢাকা পড়ছে ঘন কালো মেঘে, গরমের রেশ উধাও হয়ে বইছে ঠান্ডা হাওয়া। অনেকেই ভাবছেন, তবে কি এবার বৃষ্টির প্রকোপ আরও বাড়তে চলেছে? বর্ষার রাস্তাঘাটে জল জমা, যানজটের ভোগান্তি— সবই আবার ফিরতে চলেছে কি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং রবিবারে উত্তর ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির দাপট এমনই হতে পারে যে নদীর জলস্তর বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই প্রবল বৃষ্টির অন্যতম কারণ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ৩০ জুন উত্তর বঙ্গোপসাগরে তা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে সমুদ্র হতে পারে উত্তাল, বইতে পারে ঘণ্টায় ৩৫–৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। যদিও এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য আলাদা করে নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবুও তাঁদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকেছে, ছিটেফোঁটা বৃষ্টিও চলছে। তবে শনিবারের জন্য শহরে আলাদা কোনও সতর্কতা নেই। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ অংশে। এমনকী, সোমবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সেইসঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

আরও পড়ুনঃ Astrology : শুক্র বদলাচ্ছে রাশি, তিন রাশির কপালে দুর্ভোগ! প্রেম, সম্পদে টানাপড়েনের আশঙ্কা!

আবহাওয়াবিদদের অনুমান, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমবে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দুই বর্ধমানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আপাতত আর কোনও জেলায় বিশেষ সতর্কতা নেই। তবে নিম্নচাপ যদি আরও শক্তি বাড়ায়, পরিস্থিতি আবারও বদলে যেতে পারে বলে মত আবহাওয়াবিদদের।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles