গরমের রেশ এখনও পুরোপুরি কাটেনি। তবে সকাল গড়াতেই কখনও রোদের দেখা তো কখনও আকাশের মুখ ভার। একেবারে যেন মনের মত আবহাওয়া! কেউ কেউ অফিসের পথে কিংবা স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা — “বৃষ্টি হলে খানিকটা স্বস্তি মিলবে।” অন্যদিকে কেউ কেউ আবার ভাবছেন, ছাতা কিংবা রেনকোট সঙ্গে নেওয়া উচিত কি না! এমতাবস্থায় আবহাওয়ার খবরে নজর রাখছেন সকলেই।
রাস্তাঘাট, বাজার কিংবা ট্রেন-বাস — সর্বত্র একটাই আলোচনা, “আবার কী তবে ঝড়বৃষ্টি?” কারণ, রাজ্যের আকাশের ছবিটাই এখন বদলাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ কালো মেঘে ঢেকে যাচ্ছে চারিদিক। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো কোথাও বজ্রপাতের আওয়াজ। ফলে যারা রোজ কাজে বেরোন, তাদের চিন্তা আরও বেশি। বিশেষ করে স্কুলের ছোট্ট পড়ুয়া কিংবা অফিসযাত্রীদের মধ্যে বাড়ছে চিন্তা।
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ — এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে।
সপ্তাহের মধ্যভাগ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা, বাড়বে স্বস্তি
বুধবারের পর থেকে তাপমাত্রা খানিকটা নামতে পারে দক্ষিণবঙ্গে। কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তবে হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি কিন্তু থেকেই যাবে। আবার বুধবার উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আরও বেশি।
আরও পড়ুনঃ Astrology : এপ্রিলের মহা জ্যোতিষ পরিবর্তন! চার গ্রহের বিরল মিলনে ৩ রাশির জীবনে আসছে চমক, বদলাবে ভাগ্য, ফিরবে পুরনো সুখ-সমৃদ্ধি!
বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত, রাজ্যের জন্য নতুন আশঙ্কা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী দু’দিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে। সেই কারণেই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়াও।এখন দেখার, এই নিম্নচাপ ঠিক কতটা প্রভাব ফেলে রাজ্যের আবহাওয়ায়। তবে আপাতত রাজ্যবাসীর পক্ষে সবচেয়ে ভালো সিদ্ধান্ত, ঘর থেকে বেরোনোর সময় অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখা।





