গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে গরমে হাঁসফাঁস অবস্থা। সকাল হতেই যেন রোদের দাপট তীব্র হয়ে উঠছে। শহর থেকে গ্রাম — কোথাও যেন রেহাই নেই। অফিসযাত্রীরা থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়া — সকলে চাতক পাখির মতো অপেক্ষা করে আছে কবে নামবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। কারণ এই গরম আর সহ্য হচ্ছে না কারও।
শুধু রোদ নয়, রাস্তায় বেরোলেই ঘামে ভেজা শরীর। সন্ধেয় একটু হাওয়া পেলেও রাতে ঘুমাতে গিয়েও শান্তি নেই। ফ্যান, এসি-ও যেন হার মানছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বলছে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়িই বদলে যাবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টির ছোঁয়ায় খানিকটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের।
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে শনি ও রবিবার থেকেই মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত। মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের ৩-৪টি জেলাতেও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে সোমবার থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম — এই সাতটি জেলায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার।
আরও পড়ুনঃ Astrology : শনিবার বদলে দিতে পারে জীবনের মোড়! ৪ রাশির কার ভাগ্যে অর্থ-বৃষ্টি, আর কার জীবনে আসবে ঝড়?
এই তালিকায় রয়েছে কলকাতা শহরও। যদিও সপ্তাহের শুরুতে রবিবার পর্যন্ত খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে দিনের বেলা রোদের মাঝে ঘাম ঝরালেও বিকেল-সন্ধের দিকে স্বস্তির বৃষ্টি মিলতে পারে রাজ্যবাসীর। তবে বৃষ্টির সঙ্গে বাড়বে আর্দ্রতার কারণে অস্বস্তিও।






