গরমের হাত থেকে খানিক স্বস্তি। রবিবার বিকেলে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে ভিজল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া থাকার কথা ছিল। তবে হাওয়ার দাপট বেশি টের পাওয়া যায়নি। তবে এই বৃষ্টিতে মানুষ নাভিশ্বাস উঠে যাওয়া গরম থেকে একটু রেহাই পেল।
রবিবার বিকেল চারটে নাগাদ হঠাৎই কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। তারপরই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে বৃষ্টি যে হবে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সম্ভাবনাকে সত্যি করে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলল। কোথাও কোথাও অবশ্য হালকা হাওয়ার দাপট দেখা দিয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় চটচটে গরমে অস্বস্তিতে পড়েছিল মানুষ। তবে এই বৃষ্টি ক্ষনিকের শান্তি দিয়ে গেল সবাইকে।
হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। এছাড়াও বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। আবহাওয়াবিদদের মতে এবার বর্ষা ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু্ এখন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করেছে। ফলে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে যাবে। এছাড়াও বিহার, উত্তরপ্রদেশের উপরও রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরেও। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সোমবার। তারপর বুধবার থেকে নিম্নচাপের জেরে ওড়িশা এবং বাংলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।





