বদলাচ্ছে আবহাওয়া! ঝেঁপে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, ভিজবে কলকাতা-সহ বিভিন্ন জেলা

আবহাওয়া দফতরের (Weather) পূর্বাভাস মতোই সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা।‌ আজ, সোমবার সকাল থেকেই শুরু হল জেলায় জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে আসানসোল, বাঁকুড়ায়। কিছু জায়গায় রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Weather) তরফে। তারপর থেকেই ফের গরম বাড়বে সেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম ও মঙ্গলবার বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে । বুধবার থেকে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে তাতেই বাড়বে গরম।

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের গরমের দাপট বাড়বে কলকাতায়। সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। দার্জিলিং এবং কালিম্পয়ের উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম এবং অরুণাচলপ্রদেশে হতে পারে তুষারপাতও। বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় চলতে পারে বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টি।

RELATED Articles