একে অশনিতে রক্ষা নেই, এর উপর দোসর হল ‘করিম’। অশনি দুর্যোগ এখনও পুরোপুরি কাটে নি, আর এরই মধ্যে সতর্কতা জারি হল ঘূর্ণিঝড় করিম নিয়ে। ভারত মহাসাগরের এই ঘূর্ণিঝড় নিয়ে এবার বাড়ল উদ্বেগ।
গত সপ্তাহের শেষের দিকেই আন্দামান সাগরে সৃষ্টি হতে শুরু করে ঘূর্ণিঝড় অশনি। বঙ্গোপসাগর দিয়ে অগ্রসর হতে হতে তা শক্তি হারিয়ে আছড়ে পড়েছে ওড়িশা উপকূলে। এই ঝড়ের জেরে যতটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তেমনটা হয়নি ঠিকই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে গত দু’দিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছেই। আর এরই মধ্যে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অশনি বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে আগামী দুই-তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে খবর। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে এর সঙ্গে।
সেই ঘূর্ণিঝড়ের বিপদ কাটতে না কাটতেই ফের এই সপ্তাহের শেষের দিকে ভারত মহাসাগরে তৈরি হতে চলেছে অপর এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। নাম করিম। সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি আরও মারাত্মক রূপ নিতে পারে বলেই খবর।
তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কতটা প্রভাব ফেলবে বা এর জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা এখনও ভালোভাবে জানা যায়নি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১১২ কিলোমিটার। আর তা স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
এই নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণে সতর্কতা জারি করা হয়েছে। ১৩ই মে-র পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সাবধান হতে বলে দেওয়া হয়েছে বলে খবর।





