শাহজাহানকে ধরতে না পারায় পুলিশকে ভর্ৎসনা আদালতের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ‘আড়াল করা হচ্ছে না তো’? প্রশ্ন বিচারপতির

গত মাসে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। তখন থেকে পলাতক শাহজাহান। সেই ঘটনার দেড় মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর নাগাল পায়নি রাজ্য পুলিশ। এবার এই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির প্রশ্ন, “আড়াল করা হচ্ছে না তো”?

আজ, মঙ্গলবার সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে বাধা দেয় পুলিশ। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সন্দেশখালি পৌঁছেছেন শুভেন্দু। আর বাধা দিতে পারে নি পুলিশ। সেই প্রসঙ্গেই এদিন সন্দেশখালির মামলা নিয়ে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, “ওই ব্যক্তির (পড়ুন শাহজাহান শেখ) বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে। অথচ রাজ্য পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি। এটা আশ্চর্যের বিষয়, যে ব্যক্তি গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে”।

প্রধান বিচারপতি কথায়, “আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কিনা, কিন্তু এটা দেখতে পারছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি”।

এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল। পরে সেই মামলা স্থানান্তরিত করা হয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন, “ওখানে যে অভাব অভিযোগের কথা উঠছে তা আমরা শুনেছি। স্থানীয় মহিলারা কিছু অভিযোগ তুলেছেন। ওই লোকটি (শাহজাহান শেখ) এভাবে পালিয়ে থাকতে পারে না। আমরা তাকে আত্মসমর্পণ করতে বলছি”।

বিচারপতির সংযোজন, “যদি একজনের জন্য এত মানুষের সমস্যা হয়, তা হলে রাজ্যের উচিত হবে না তাকে আড়াল করা। ওই ব্যক্তি একজন জনপ্রতিনিধি। জনতার ভালর জন্যই তাকে কাজ করতে হবে। প্রাথমিক তথ্য প্রমাণ দেখে ধারনা হচ্ছে, যে ওই ব্যক্তি সাধারণ মানুষের ক্ষতি করেছে”।

প্রসঙ্গত, এর আগে বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ করে এসেছে যে রাজ্য পুলিশের আশ্রয়েই রয়েছেন শাহজাহান। নাহলে তিনি এত বড় কেউ নন যে এভাবে পালিয়ে থাকতে পারবেন। এবার হাইকোর্টও শাহজাহানের অধরা থাকা নিয়ে প্রশ্ন তুলল পুলিশের দিকে। এর জেরে যে রাজ্য পুলিশের উপর চাপ বাড়ল, তা বেশ স্পষ্ট। এবার অন্তত শেখ শাহজাহান ধরা পড়েন কী না, সেটাই দেখার।

আরও অন্যান্য খবর