বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ভাঙন লেগেছে বিজেপিতে।, একের পর এক নেতা-বিধায়ক পদ্ম ছেড়ে ঘাসফুলে গিয়ে ঘাঁটি গাড়ছেন। আজ, শুক্রবারই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর এবার সেই একই সম্ভাবনা দেখা দিচ্ছে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরেও।
সূত্রের খবর অনুযায়ী, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে নাকি খড়গপুরের বিধায়ক হিরণের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এমনই পরিস্থিতিজে দুই পক্ষের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এমন বিবাদের জেরে হিরণ যে কোনও দিন তৃণমূলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে জয়ী হওয়ার পর হিরণকে বিজেপির কর্মসূচিতে তেমনটা আর দেখা যায়নি। বিজেপির অন্দরের খবর, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর তীব্র বিবাদ চলছে। আর এর জেরেই বিধানসভা এলাকায় আসা ছেড়ে দিয়েছেন হিরণ। তাঁর তৃণমূলে ফেরত যাওয়ার সম্ভাবনাও উঠে আসছে এর মধ্যেই।
একুশের নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ। যুব তৃণমূলের বেশ গুরুত্বপূর্ণ পদেই ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই ভোটের টিকিট পান হিরণ। জিতেও যান। কিন্তু ভোটের ফল বেরোনোর পরই বিজেপির সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে বিধায়কের।
স্থানীয় এক দাপুটে বিজেপি নেতা স্বীকার করে নিয়েছেন যে হিরণের সঙ্গে দিলীপবাবুর সম্পর্ক নষ্ট হয়েছে। তবে তিনি এও আশ্বস্ত দেন যে হিরণ তৃণমূলে যোগ দেবেন না। এদিকে আবার তৃণমূলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে হিরণের জন্য তাদের দরজা বন্ধ।





