জন্ম মাসেই কালিমালিপ্ত হয়েছে আর জি কর! কীভাবে গড়ে উঠল এই প্রতিষ্ঠান, স্রষ্টার জন্মবার্ষিকীতে জেনে নিন এই মেডিক্যাল কলেজের ইতিহাস!

যে নামের সঙ্গে একটা সময় গর্ব, ঐতিহ্য, দয়া, মানুষের হিত জড়িয়ে ছিল আজ সেই নাম কলুষিত। সেই নামের সঙ্গে জড়িয়েছে এক তরুণী চিকিৎসকের হাহাকার, আর্তনাদ, কষ্ট। শেষ হয়ে গেছে সেই মানুষটাকে ঘিরে দেখা বেশ কিছু মানুষের স্বপ্ন। আসলে নামটাকে কলুষিত করা হয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের অর্থ, ক্ষমতা লোভে কালিমালিপ্ত করেছে সেই নামকে।

আর জি কর। এই মুহূর্তে বাংলা তো বটেই গোটা ভারতবর্ষ এমনকি বিদেশেও এই নাম পরিচিত হয়ে গেছে। তবে খ্যাতির কারণে নয়। একটি নিকৃষ্ট, বেদনাদায়ক ঘটনা আর জি কর কে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। সাম্প্রতিক অতীতে এমন নারকীয়, বীভৎস ঘটনা শহর কলকাতা দেখেছে বলে মনে করা সম্ভব হয় না। আসলে ভারতবর্ষের সবথেকে নিরাপদ শহর যে ঠিক কতটা রাক্ষুস, আর জি করে ঘটে যাওয়া ধর্ষণ, খুনের ঘটনা তারই প্রমাণ।

রাধা গোবিন্দ কর।‌ ২৩ আগস্ট ১৮৫২ আজ থেকে ১৭২ বছর আগে ব্রিটিশ শাসিত এই বাংলার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেন তিনি। হয়ে ওঠেন ব্রিটিশ শাসিত ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রীলাভ করে দেশে ফিরে আসেন তিনি। এরপর কলকাতার প্রতিথযশা চিকিৎসকদের সঙ্গে মিলে বেসরকারি ভাবে তারা তৈরি করেন ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। পরে যা পরিচিত হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে। এর সম্পাদক নির্বাচিত হন রাধাগোবিন্দ কর। বর্তমানে এই কলেজ এবং হাসপাতাল তারই নামে পরিচিত আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

যে আর জি কর আজ হয়ে উঠেছে অপরাধীদের আখড়া। যে হাসপাতালে প্রিন্সিপালসহ তাবড় মাথারা জড়িয়ে কুকর্মের সঙ্গে। যে হাসপাতালে ঘটা বিভিন্ন দুষ্কর্ম শুনলে বা জানলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের সেই হাসপাতালের সঙ্গে এমন মানব দরদী এক মানুষের নাম জড়িয়ে থাকা নিতান্তই কষ্টের। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তিনি ছিলেন বিলেত ফেরত ডাক্তার। তা সত্ত্বেও বিন্দুমাত্র ছিল না অহংকার বোধ। গরিব মানুষের কাছে তিনি ছিলেন স্বয়ং ভগবান। মানব সেবাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। আর আজ সেই মানুষটার নামাঙ্কিত হাসপাতালে অকালে ঝরে গেছে একটি ফুল। কোথাও গিয়ে আজ ম্লান হয়েছে আর জি করের গৌরব।

আজ আর জি করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উত্তাল বাংলা সহ গোটা দেশ। তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়, অবিচারের বিচার চেয়ে পথে নেমেছেন লক্ষাধিক মানুষ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমে এর সুবিচারের দাবী জানাচ্ছেন। ঐতিহাসিক এই হাসপাতালের নামের সঙ্গে জুড়ে ভয়ানক কাণ্ড। সৃষ্টি এবং স্রষ্টাকে যেভাবে কলুষিত করল এক শ্রেণীর মানুষ তার সুবিচার কী হবে?

আরও অন্যান্য খবর