বলেছিলেন পুলিশের চাকরি পাইয়ে দেবেন। সেই কারণে বেকার যুবক-যুবতীদের থেকে লক্ষ লক্ষ টাকাও নিয়েছিলেন। জয়েনিং লেটারও দেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু চাকরি আর হল কই। সবই যে আসলে প্রতারণা যা জানার আগেই এলাকা থেকে গায়েব হোমগার্ড।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, অভিযুক্ত ওই হোমগার্ডের নাম দেবাশিস দেবনাথ। ময়নাগুড়ি ব্লকের পান বাড়ির বাসিন্দা তিনি। দেবাশিস দেবনাথ নিজের শ্বশুরবাড়ি এলাকায় নিজেকে প্রভাবশালী পরিচয় দেন। গত কয়েক বছর ধরে একাধিক এলাকায় পুলিশের চাকরি দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
জয়েনিং লেটার দিলেও শেষ পর্যন্ত চাকরি আর হয়নি। প্রতারিতরা এই বিষয়টি বুঝতে পারেন। সেই কারণে বারবার নিজেদের টাকা ফেরতও চান তারা। কিন্তু টাকা না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার অভিযোগকারীদের থানায় ডাকা হয়। তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাবাদ করেন। অভিযুক্তের কোনও খোঁজ মেলেনি আপাতত।
এই বিষয়ে ফালাকাটার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, “গ্রামের একাধিক যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দেবাশিস। প্রতারিতরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে পুলিশের কাছে অভিযোগ জানাই”।
অভিযোগকারী চন্দন দাস বলেন, “আমার ছেলেকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সাড়ে ছ’লক্ষ টাকা নিয়েছিল দেবাশিস। টাকা ফেরত দেয়নি, চাকরি দেয়নি। থানায় অভিযোগ করেছি”।





