একশো দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে এর আগে বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ গড়তে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। প্রথমে কথা ছিল স্পেশাল ট্রেনে চেপে বঞ্চিত কর্মীদের নিয়ে দিল্লি যাত্রা করবে ঘাসফুল শিবির। তবে সেই ট্রেন না পেয়ে বাসে করে কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
সূত্রের খবর, ৫০টি ভলভো বাসে করেই কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লি যাবে তৃণমূল। সেই নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে। এবার এই নিয়েই শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনাকে লোক দেখানো বলে খোঁচা দিলেন তিনি।
বলে রাখি, এই বাসগুলি তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে দিল্লি যাবে। উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য। সেক্ষেত্রে দিল্লিযাত্রা বিঘ্নিত করার চেষ্টা হতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।
কী বললেন লকেট চট্টোপাধ্যায়?
এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে লকেট চট্টোপাধ্যায় বলেন, “কেউ তৃণমূলের এই সার্কাসে কেউ অংশ নেবে না। উত্তরপ্রদেশের উপর দিয়ে গেলে, তাদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না”।
লকেটের মতে, এই গোটা বিষয়টি একটা ‘লোক দেখানো’ কর্মসূচি। তিনি বলেন, “যে মানুষগুলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক থেকে দুই তিন হাজারে নেমে এসেছে। এ তো বোঝাই যাচ্ছে লোক দেখানো চলছে”।





