West Bengal: “এত দিন আমরা সরকারকে ভোট দিয়ে আসছি, কিন্তু সুবিধা পাইনি…. এবার হিসাব হবে ভোটের সময়,” আলুর ন্যায্য দাম না পেয়ে হাহাকার! কৃষকদের ক্ষোভ এবার কি ভোটে প্রভাব ফেলতে চলেছে?

হুগলির মাঠে এই সময় যেন হাহাকার। জমিতে তোলা আলু স্তূপে ভরা, কৃষকরা ব্যস্ত হলেও মুখে হাসি নেই। আলুর বাজারে ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভ আর হতাশা যেন মিশে গেছে কৃষকের চোখে। রাজ্যে বিধানসভা নির্বাচনের বাতাস চলছেই, আর কৃষকরা বলছেন, এই সমস্যার প্রভাব ভোটেও পড়বে। “এত দিন আমরা সরকারকে ভোট দিয়ে আসছি, কিন্তু সুবিধা পাইনি। এবার আমাদের হিসাব হবে ভোটের সময়,” এমন হুঁশিয়ারি শোনালেন হুগলির এক কৃষক।

রাজ্যের কৃষিপ্রধান জেলা হুগলি বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য পরিচিত। ধান, আলু, পাঠ, তিল, সরষে থেকে সবজি—সব ধরনের চাষই এখানে হয়। বিশেষ করে আলু উৎপাদনে হুগলির অবস্থান দেশের মধ্যে শীর্ষ। জেলার চাষযোগ্য জমির মধ্যে প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। ধান ও আলু দুটোই মূল অর্থকরী ফসল। কিন্তু গত কয়েক বছর ধরে কৃষকরা অভিযোগ করছেন, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না।

এ বছর আলু চাষে প্রতি বিঘা খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকার বেশি। বিঘা প্রতি উৎপাদন হয়েছে প্রায় ৮০ বস্তা (৫০ কেজি)। সরকার সহায়ক মূল্য (MSP) নির্ধারণ করেছে ৪৭৫ টাকা প্রতি ৫০ কেজি আলুর জন্য। হিসাব অনুযায়ী, সরাসরি সরকারি মূল্যে বিক্রি করলে কৃষকরা সামান্য লাভ দেখতে পাবেন। কিন্তু ব্যবসায়ীরা বস্তার দাম বাড়িয়ে লাভ নিজের হাতে তুলে নিচ্ছেন। এক বিঘার আলুর জন্য বস্তা কেনায় খরচ পড়ছে প্রায় ১৬০০ টাকা। ফলে সরকারিভাবে বিক্রি করেও প্রকৃত লাভ কম।

অভিযোগ আরও বড় যে, ১ মার্চ থেকে আলু কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও কার্যকর ব্যবস্থা নেই। অন্যদিকে, ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে চাইছেন না। বর্তমান বাজারে আলুর দাম বস্তা প্রতি মাত্র ২০০–২২০ টাকার মধ্যেই থেমে আছে। এই পরিস্থিতিতে চাষিদের হতাশা চরমে। “চাষির একমাত্র ভাতা এখন গলায় দড়ি। সরকার আমাদের জন্য কিছু করছে না,” বললেন হুগলির কৃষক শেখ ইনতার হোসেন।

তবে তৃণমূলের রাজ্য আলু ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন সামন্ত দাবি করেছেন, “রাজ্য সরকার সর্বদা কৃষকদের পাশে আছে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা হুঁশিয়ারি দিচ্ছে, তারা বিজেপির লোক।” এর মধ্যেই হুগলির বিভিন্ন এলাকায় কৃষকরা জাতীয় পতাকা হাতে নিয়ে আলু ঢেলে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা দাবি করেছেন, সরকারকে সর্বনিম্ন ১২০০ টাকা কুইন্টাল হিসাবে আলু কিনতে হবে।

আরও পড়ুন: নিজের বায়োপিকই চান না মিঠুন! কেন এমন সিদ্ধান্ত নিলেন মহাগুরু?

হুগলির কৃষকরা এবার কেবল নিজেদের ক্ষোভই প্রকাশ করছেন না, তারা ভোটেও এর প্রভাব দেখতে চাইছেন। রাজ্যের নির্বাচনের মুখে এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলির জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিরা হতাশ, আর তাদের এই ক্ষোভ ভোটের মাঠে কেমন প্রতিফলন ঘটাবে, তা সময়ই বলবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর