হাথরাস থেকে হাবড়া, ফের ধর্ষণের নজির, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্থানীয় যুবক

উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখনই বাংলার বুকে ঘটে যাওয়া এক ধর্ষণের চিত্র সামনে এল। উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া অঞ্চলের এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক স্থানীয় যুবক। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমার গোপালনগর থানার হিংলি এলাকায়। ওই এলাকার বাসিন্দা সন্ধ্যা সরকার ও তাঁর স্বামী বদর ইছাপুর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। সন্ধ্যাদেবী একটি ইটভাটায় কর্মরতা। তাঁর শ্বশুর অসুস্থ থাকায় সন্ধ্যাদেবীর স্বামী তাদের আদি বাড়িতে যান। স্বামীর ফিরতে দেরী হওয়ায় রাস্তায় তাঁর জন্য অপেক্ষা করছিলেন সন্ধ্যাদেবী। এরই মধ্যে এক স্থানীয় বাসিন্দা ভোলা ওরফে সানি হঠাৎ সেখানে এসে সন্ধ্যাদেবীকে জোর করে ইটভাটায় তুলে নিয়ে যায়। তারপর মারধর করতে থাকে তাঁকে। গলা টিপে ধরে ধর্ষণ করে। এমনকি, কাউকে কিছু বললে ফল ভালো হবে না বলে হুমকিও দেওয়া হয় সন্ধ্যাদেবীকে। সানি সেখান থেকে পালিয়ে গেলে কোনোক্রমে বাড়ি পৌঁছান সন্ধ্যাদেবী। স্বামীকে সব ঘটনা জানানোর পর পুলিশের দ্বারস্থ হন।

সন্ধ্যাদেবীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানো হয়। সানির বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। হাওড়া জেলার জগৎবল্লভপুরের একটি ইটভাটা থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, সেখানেই গা ঢাকা দিয়েছিল সে। শনিবার বিচারের জন্য সানিকে বারাসাত আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রের খবর, ভোলা ওরফে সানি আসলে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির বাসিন্দা। কাজের সূত্রে উত্তর ২৪ পরগণা জেলায় থাকে বছর ২২-এর ওই যুবক। হাবড়া থানার অন্তর্গত বদর ইছাপুর এলাকার একটি ইটভাটায় কাজ করত সে।

RELATED Articles

Leave a Comment