সামনেই লোকসভা ভোট। সেই কারণে এই মুহূর্তে নাকা তল্লাশিতে বেড়েছে নজরদারি। এই ভোট বাংলায় এবার ফের উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে হলুদ ট্যাক্সি (yellow taxi) থেকে উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় হাওয়া স্টেশন চত্বরে।
কী ঘটেছিল ঘটনাটি?
পুলিশ সূত্রে খবর, আজ, বুধবার দুপুর ১২টা নাগাদ গোলাবাড়ি থানার সামনে একটি হলুদ ট্যাক্সিকে (yellow taxi) দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সময় নাকা চেকিং চলছিল। সেই গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় দুটি ব্যাগ। সেই ব্যাগ থেকে মেলে বান্ডিল বান্ডিল টাকা। পুলিশ সূত্রে খবর, ওই ব্যাগে মোট ৫৮ লক্ষ ৭১ হাজার টাকা ছিল।
ওই গাড়িতে ছিলেন ভূপিন্দর সিং ও প্রশান্ত কুমার সোনি নামের দুই যুবক। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাদের আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রদীপ মিশ্র নামের এক ব্যক্তি কলকাতার বড়বাজারে গয়না কেনার জন্য নাকি ধৃত দুই ব্যক্তিকে ওই টাকা দিয়েছিলেন। ধৃতদের বয়ান অনুযায়ী, শেঠজি নামের এক ব্যক্তি সোনার ব্যবসার জন্য এই টাকার লেনদেন হয়। ধৃতরা অর্থবাহক শুধুমাত্র।
জানা গিয়েছে, দুই ধৃত ব্যক্তিকে জব্বলপুর থেকে ট্রেনে তুলে দেওয়া হয়েছিল। মানিকপুরে এসে সেখান থেকে চম্বল এক্সপ্রেসে করে বর্ধমান আসেন তারা। তারপর সেখান থেকে লোকাল ট্রেনে করে আসেন কোন্নগর আর সেখান থেকে ট্যাক্সি (yellow taxi) করে কলকাতা আসছিলেন। সেই সময়ই হাওড়া স্টেশনের কাছে নাকা তল্লাশিতে ধরা পড়ে যান দুই ব্যক্তি। তবে তাদের থেকে কোনও বৈধ কাগজপত্র পায়নি পুলিশ। আয়কর দফতরকে খবর দিয়ে তাদের হাতে ওই টাকা তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে কী আয়-ব্যয় হচ্ছে, সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেন্সিটিভ বলে ঘোষণা করেছে কমিশন। আগের নির্বাচনে ওই কেন্দ্রগুলি থেকে টাকা, ম’দ বাজেয়াপ্ত হওয়ায় ওই কেন্দ্রগুলিকেই চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ ঘোষণার দিন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেই দিয়েছিলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে চায় কমিশন। ভোটের নজরদারির জন্য সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে পোর্টাল তৈরির কথা বলা হয়। অর্থ শক্তিকে কোনওভাবেই ভোটে বরদাস্ত করা হবে না। আর এরই মধ্যে ভোটের ঠিক আগেই বাংলা থেকে উদ্ধার হল এমন লক্ষ লক্ষ টাকা।





