সামনেই লোকসভা নির্বাচন। এর আগে দক্ষিণ দিনাজপুরে শক্তিবৃদ্ধি বিজেপির। সেই জেলায় হল ব্যাপক দলবদল। গতকাল, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে বিজেপির তরফে এক যোগদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই তৃণমূল ও বামফ্রন্ট থেকে শ’য়ে শ’য়ে কর্মীরা যোগ দেন গেরুয়া শিবিরে।
এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও বিজেপি নেতা তথা অভিনেতা কৌশিক রায়। এদিন তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে তাদের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেন নবাগত কর্মীরা। প্রায় ২০০ জন কর্মী এদিন যোগ দেন বিজেপিতে। এদিনের এই যোগদান শিবিরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতির কথা থাকলেও বিশেষ কাজের জন্য তিনি যেতে পারেন নি।
কী জানাচ্ছে বিজেপি?
সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে জেলার কুশমণ্ডি ব্লকে বেশ ভালো ফল করেছে বিজেপি। সেই কারণেই ওই জায়গা থেকে বিজেপিতে যোগদানের মাত্রা বাড়ছে। কেন্দ্র সরকারের উন্নয়ন দেখেই এদিন তৃণমূল ও আরএসপি ছেড়ে বিজেপিতে যোগদান করেন কর্মীরা। লোকসভা ভোটের আগে এই দলবদল গেরুয়া শিবিরকে বেশ ভালো অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
কী প্রতিক্রিয়া তৃণমূলের?
যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে তৃণমূলের কেউ বিজেপিতে যোগ দেন নি। অন্য দলের কেউ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন কী না, তা অবশ্য তাদের জানা নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।






