বঙ্গ দখলের লড়াইয়ে চরম আত্মবিশ্বাসী বিজেপি! ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার দখল করবে তাঁর দল এমনটাই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে যেভাবে হিংসার রাজনীতি চলছে তাতে করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গবাসী বর্তমান সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বামফ্রন্টের ৩৪ বছর তারপরে তৃণমূলের ১০ বছরে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে ধীরে ধীরে প্রবেশ ঘটেছে হিংসার। এবং যা এখন মারাত্মক আকার নিয়েছে। তাই বঙ্গবাসীকে এই হিংসার হাত থেকে মুক্তি দিয়ে তাঁদের পুরনো গৌরব ফিরিয়ে দিতে এবং সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ২০২১-এর বঙ্গ দখলের লড়াইয়ে বিজেপি তার সকল সাংগঠনিক শক্তি নিয়ে ঝাঁপাবে এবং সেই লড়াইতে সামনের সারিতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেবেন স্বয়ং অমিত শাহ ।
সূত্র বলছে করোনা সংক্রমণের পরবর্তী পরিস্থিতিতে বঙ্গ বিজয়ের রণকৌশল নির্ধারিত করার জন্য প্রতিমাসে বেশ কয়েকবার রাজ্যে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই কলকাতায় নিজের জন্য অস্থায়ী বাসস্থানও ঠিক করে ফেলেছেন তিনি।
দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত এক বছরে মোদী সরকারের বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনা করেন। দলের পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, চলতি বছর অক্টোবর-নভেম্বরে বিহার এবং ২০২১ এর মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কে এখন পাখির চোখ করে বর্তমানে রাজনৈতিক রণকৌশল তৈরি করছে বিজেপি। এই দুই রাজ্যেই খুব ভালো ফল করার বিষয়ে আশাবাদী ভারতীয় জনতা পার্টি।
তিনি জানিয়েছেন, সাধারণত বড় রাজ্যে নির্বাচনের সময় পরিবর্তিত হয় না। যদিও এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তবুও করোনা পরিস্থিতির কারণে এই সময় সূচি বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন বিহারে আমরা বেশ ভালো জায়গায় রয়েছি এবং পশ্চিমবঙ্গের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২১-এ ক্ষমতায় বিজেপি আসবেই। কারণ গত ৩৪ বছরে বামফ্রন্ট জামানায় এবং তারপর বিগত প্রায় ১০ বছর তৃণমূল সরকারের সময় কালে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বেড়ে উঠেছে রাজনৈতিক হিংসার ঘটনা। কেরলের মতো এই রাজনৈতিক হিংসার ক্রমবর্ধমান পরম্পরাকে বন্ধ করতে হবে আমাদের। এই কারণেই পশ্চিমবঙ্গ দখল এখন কেন্দ্রীয় বিজেপির অন্যতম প্রধান প্রথম টার্গেট। প্রধানত পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেখানে বদল অনিবার্য । গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে যে তাঁরা বিজেপির উন্নয়নের সাথে আছে ।





