স্বস্তি অভিষেক বন্দোপাধ্যায়ের! সোনা কাণ্ডে স্ত্রী রুজিরা‌’র বিরুদ্ধে সমন খারিজ কলকাতা হাইকোর্টের!

তিনি মুখে যাই বলুন না কেন গলায় মাছের কাঁটার মতো আটকে ছিল স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি করা কলকাতা হাইকোর্টের সমন। অবশেষে স্বস্তির মুখ দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও ভাইপো বউ!

সোনা বিতর্কে রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলার) বিরুদ্ধে শুল্ক দফতর যে সমন জারি করেছিল, তা অবশেষে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গত বছর ১৫-১৬ মার্চ রাতে ব‍্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ তোলেন অভিষেকের স্ত্রী রুজিরা। তাঁর অভিযোগ ছিল, বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর থেকে টাকা চান শুল্ক দফতরের আধিকারিকরা।

সেই টাকা না দিলে শুল্ক দফতরের আধিকারিকরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছিলেন তিনি। তা নিয়ে পরে কলকাতা বিমানবন্দর থানায় অভিযোগও দায়ের করেন রুজিরা।

এরইমধ্যে তাঁর বিরুদ্ধে করা একটি অভিযোগপত্র সামনে আসে। শুল্ক দফতরের তরফে অভিযোগ করা হয়, বিধিবহির্ভূত সোনা আনছিলেন রুজিরা। কিন্তু তা দেখাতে অস্বীকার করেন তিনি। সেই সময় তিনি কাউকে ফোন করেন এবং তারপর সেখানে পুলিশ চলে আসে। তারপর রুজিরা বাড়ি চলে যান বলে অভিযোগ তোলা হয়।

ইতিমধ্যে গত বছর ২৬ মার্চ রুজিরা এবং তাঁর বোন মেনকা গম্ভীরের বিরুদ্ধে পৃথক সমন জারি করেন শুল্ক দফতর। ঘটনার দিন রাতে রুজিরার সঙ্গে ছিলেন মেনকাও। সেই সমনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেন রুজিরা। বুধবার রুজিরার আইনজীবী সঞ্জয় বসু জানান, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই দুটি সমন খারিজ করে দিয়েছেন।

RELATED Articles

Leave a Comment