সামনেই পঞ্চায়েত নির্বাচন। এমন সময়ে যখন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আরও বেশি করে প্রচারে জোর দিচ্ছেন, এলাকায় এলাকায় ঘুরছেন, ঠিক এমন সময়ে এক উল্টো চিত্রই দেখ গেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনে নির্দল প্রার্থী হয়েছেন মদন কুমার মণ্ডল। তিনি নিজেই ব্যানার টাঙিয়ে এলাকাবাসীকে অনুরোধ করেন যাতে তাঁকে ভোট না দেন তারা। তাঁর এহেন প্রচারে হতবাক স্থানীয়রা।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সমস্ত রাজনৈতিক দলই এখন প্রচারে ব্যস্ত। ব্যানার, পোস্টার, ফ্লেক্স টাঙিয়ে চলেছে জোরদার প্রচার। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন প্রার্থীরা। আর এমন সময় ঘটল উলাটপুরাণ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাতের পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনের নির্দল প্রার্থী মদন কুমার মণ্ডল ব্যানার দিয়ে নিজেকেই ভোট না দেওয়ার কথা বললেন।
কেন এমনটা করছেন প্রার্থী?
আসল দীর্ঘদিন ধরেই বিজেপি করছেন মদন কুমার মণ্ডল। দলের অনুমতি নিয়েই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। ওই পঞ্চায়েত সমিতি থেকে বিজেপির হয়ে টিকিট পান বিশ্বজিৎ মণ্ডল। এরপর নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান মদনবাবু।
এরপরই এমন এক অভিনব প্রচার শুরু করেছেন তিনি। কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর আসনের কুশাড়, যোগীবেড়, পয়াগ, ধর্মবেড়, ক্ষেত্রহাট, পারুলিয়া ও পাথুরিয়া বুথ এলাকায় মদন কুমার মণ্ডল নিজেই ব্যানার টাঙিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যাতে তাঁকে ভোট না দেওয়া হয়। তাঁকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থীকে সরাসরি ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
মদনবাবু এও জানাচ্ছেন যে তিনি বিজেপির সক্রিয় কর্মী। তিনি কোনওভাবেই বিজেপির ভোট নষ্ট করতে চান না। তাঁর কথায়, তিনি বিজেপিতে ছিলেন আর বিজেপিতেই থাকবেন। তাঁর এমন উদ্যোগকে স্বাগত জানান বিজেপির কোলাঘাট বিজেপির জেলা সভাপতি তুষার দোলই।





