২০২১ যত এগিয়ে আসছে তত যেন বাড়ছে নির্বাচনী যুদ্ধের দামামার আওয়াজ। আগামী বছরের বিধানসভা ভোটকে কেন্দ্র করে সাজো সাজো রব পড়ে গিয়েছে যুযুধান দুই পক্ষ: তৃণমূল ও বিজেপিতে। এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল, মানুষের আনাগোনাও শুরু হয়েছে। তবে এইবার স্রোতের হাওয়া বিজেপির দিকেই ঘুরেছে। অনেক বড় মাপের মানুষরা বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সেরকমই একজন হলেন বাংলার সোনার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার।
সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে যে সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী যোগ দিতে চলেছেন বিজেপিতে। ঘনিষ্ঠ সূত্র মারফত পাওয়া এই খবর অনুযায়ী খুব শীঘ্রই হবে এই যোগদান পর্ব। হয়তো বিধানসভা ভোটে টিকিটও পেতে পারেন জ্যোতির্ময়ী।
জ্যোতির্ময়ী যদি বিজেপিতে যোগ দেন তবে মুখ পুড়বে সিপিএমের। এমনিতেই লালের নিশানা মুছে গিয়েছে সবুজের দাপটে। কিন্তু এবার গেরুয়া রঙের আধিপত্য লাল ও সবুজ দুজনকেই মাটিতে মিশিয়ে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
২০০৪ সালে কৃষ্ণনগর থেকে ভোটে জিতে সাংসদ হন জ্যোতির্ময়ী। সেই সময় তিনি সত্যব্রত মুখার্জিকে হারিয়েছিলেন। এরপর ২০০৯ সালে সিপিএমের হয়ে আবার ভোটে দাঁড়ালেও তৃণমূল প্রার্থী প্রয়াত অভিনেতা তাপস পালের কাছে তিনি পরাজয় স্বীকার করেন। এরপর রাজনীতির মঞ্চে তাঁকে আর সেরকম ভাবে দেখা যায়নি। ৬০ বছর বয়সী বাংলার এই প্রতিভা এখন যদি বিজেপিতে যোগদান করেন তবে আবার হয়তো তাকে রাজনীতির মঞ্চে দেখতে পাবেন বাংলার মানুষ।
এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়ন ও এশিয়ান গেমসে দাপিয়ে বেড়ানো বাংলার এই সোনার মেয়ে জ্যোতির্ময়ী এবার বিজেপির হয়ে রাজনীতির ট্র্যাকেও সোনার দৌড় দৌড়াবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





