সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে ফের নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠল। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল এলাকার অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা এলাকায়।
সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কয়লা, গরু নানান ক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্য সরকারের। আর এরই মধ্যে আবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও সামনে আসছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দলের মধ্যে একতা বজায় রাখার কথা বলা হচ্ছে, সেই সময় কোচবিহারের দিনহাটা এলাকার বুড়িহাট ২ গ্রাম পঞ্চায়েত থেকে এই অভিযোগ এল।
জানা যাচ্ছে, দীপঙ্কর পাল নামে দলেরই এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার অঞ্চল সভাপতি পরিমল দাস এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে এদিন তৃণমূল কর্মীরা প্রতিবাদ মিছিলে বের করে। সেখান থেকে পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মন এবং পরিমল দাসের বিরুদ্ধে চামড়া তুলে নেওয়ার হুঙ্কার পর্যন্ত দেয় তারা।
সূত্রের খবর অনুযায়ী, বিগত বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছে। জানা যায়, গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরা দীপঙ্কর পালকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। আহত ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই তৃণমূল কর্মী উদয়ন গুহর অনুগামী।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা বিনয় রায় সরকার বলেন, “পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে বর্তমানে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে। তাদের শাস্তির দাবী জানাই”। যদিও অভিযুক্তদের তরফে এই সমস্ত দাবী উড়িয়ে দেওয়া হয়েছে।





