‘তিনজন আইপিএস হাসপাতালে ভর্তি, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ নামানো হোক’, মোমিনপুর হিংসায় রাজভবন থেকে দাবী শুভেন্দুর

গত শনিবার থেকে মোমিনপুরে শুরু হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই নিয়ে মাঠে নেমেছে বিজেপি। লক্ষ্মীপুজোর দিন সন্ধ্যে থেকেই নানান টুইট করছেন বিজেপি নেতারা। আজ, সোমবার পরিষদীয় দল রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজভবনের গেটে দাঁড়িয়ে শুভেন্দু বলেন যে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রাজ্যপালের সময় না নিয়েই সেখানে পৌঁছে গিয়েছেন তারা। রাজ্যপাল আছেন কী না, সেই খোঁজও নেননি তারা। বিরোধী দলনেতার দাবী, মোমিনপুরে যে হিংসা হয়েছে তাতে কলকাতা পুলিশের তিনজন ডিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে লালবাজারের তরফে কিছু জানানো হয়নি। তবে শুভেন্দুর পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় এই বিষয়ে বলেন, “গণ্ডগোল একটা হয়েছিল। পুলিশ রয়েছে, র‍্যাফ নেমেছে, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

বিরোধী দলনেতার কথায়, “মোমিনপুরের হিংসায় তিনজন আইপিএস আক্রান্ত হয়ে সিএমআরআইতে চিকিৎসাধীন। তাঁরা হলেন, ডিসি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়, ডিসি সাউথ-ইস্ট সুদীপ সরকার এবং ডিসি পোর্ট জাফর আজমল কিদওয়াই”।

কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন, “বিরোধী দলনেতার কথা যদি মিথ্যে হয় তাহলে এই তিন আইপিএস অফিসারকে দিয়ে সাংবাদিক সম্মেলন করান”।

এদিন শুভেন্দু রাজ্যপালের কাছে দাবী জানিয়ে বলেন যাতে মোমিনপুরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ নামানো হয়। এই বিষয়ে তিনি আর্জি জানান যাতে রাজ্যপাল এই ব্যাপারে মুখ্যসচিবকে সুপারিশ করেন। শুভেন্দুর কথায়, গত শনিবার মোমিনপুরে হিংসার ঘটনা শুরু হয়েছে। মোমিনপুর থানায় তাণ্ডব চালানো হয়েছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ঘরছাড়া। এ নিয়ে তারা আদালতেও যাবেন বলে দাবী করেন শুভেন্দু।

RELATED Articles