আন্তর্জাতিক যোগ দিবস! রাজ্যজুড়ে কোথাও পাহাড়ে বা কোথাও গঙ্গার পাড় থেকে উঠে এল নানান যোগাভ্যাসের ছবি

আজ, মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। এদিন বিশ্বের নানান স্থানে তো বটেই, পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকেও উঠে এল যোগাভ্যাসের নানান ছবি। বিগত দু’বছর ধরে করোনার কারণে প্রকাশ্যে একসঙ্গে যোগ দিবস পালন করা যায়নি। তবে এই বছর নানান জায়গায় দেখা গেল সেই পুরনো ছবি।

হাওড়া স্টেশন সংলগ্ন গঙ্গার পাড়ে সূর্য প্রণাম করে যোগা দিবস অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে বাপু উদ্যানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য বিধায়ক ও নেতা কর্মীরা। শুভেন্দু অধিকারী বলেন, “যোগভ্যাস সবার করা উচিত কারন এতে রোগ ব্যাধি দূর হয়”।
মালদা ক্লাবের উদ্যোগে পালন করা হয় বিশ্ব যোগ দিবস। আজ, মঙ্গলবার ভোরে মালদা শহরের বৃন্দাবন ময়দানে যোগ শিবিরের আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা একসঙ্গে যোগাভ্যাস করেন এদিন।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক, মহিষাদল, হলদিয়া, কাঁথির বিভিন্ন সংগঠন এই দিনটি পালন করে। বর্তমান সময়ে সুস্থ শরীর গড়ে তুলতে যোগা একমাত্র পথ। এদিন তমলুকে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুক জেলা আদালত চত্বরে যোগ দিবস উদযাপন করা হয়। মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস।

এদিকে, হুগলির ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছোট বোন সর্বমঙ্গলাদেবীর পদধুলি ধন্য গৌরহাটি মঠে আন্তর্জাতিক যোগাদিবস পালন করা হয়। গৌরহাটি রামকৃষ্ণ মঠে আন্তর্জাতিক যোগাদিবস পালনে সহযোগীতা করে স্টেট ব্যাঙ্ক। এলাকার প্রায় ১০৫ জন ছাত্র ছাত্রীকে নিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। এছাড়াও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, শিলিগুড়ি সহ একাধিক জেলাতে যোগা দিবস উদযাপন করা হয়। বিভিন্ন স্কুলের উদ্যোগেও একাধিক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা যোগা দিবসে যোগদান করেন।

উল্লেখ্য, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়ামের উপকারিতা অপরিহার্য। এই সম্পর্কে সচেতন করতেই প্রত্যেক বছর ২১শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। এবছরের এই যোগ দিবসের অষ্টম সংস্করণ পালন করা হল।

RELATED Articles