আজ নবদ্বীপে জে পি নাড্ডার জনসভা ও রথযাত্রার কর্মসূচী, পরিবর্তন যাত্রার সূচনার জেরে প্রস্তুতি তুঙ্গে

নবদ্বীপে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কর্মসূচীকে ঘিরে সরগরম পদ্ম শিবির। এদিন চটির মাঠ থেকেই শুরু হবে পরিবর্তন যাত্রার কর্মসূচী। চারিদিকে বিজেপির দলীয় পতাকায় ছয়লাপ। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। এদিন দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে পরিবর্তন যাত্রার কর্মসূচী।

আজ প্রথমেই নাড্ডা যাবেন মালদায়। সেখানে প্রথমে ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন তিনি। কথা বলবেন গবেষক ও কৃষকদের সঙ্গে। এরপর প্রায় আড়াই হাজার কৃষকের সঙ্গে গণভোজ সারবেন তিনি। যাবেন নানান ফসলের স্টলেও। এরপর রয়েছে রোড শো। মালদার ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রয়েছে রোড শো। এদিন রোড শো-এ রাস্তায় বিজেপির ঢল নামবে।

এরপর দুপুর দু’টোর সময় নাড্ডা রওনা দেবেন নবদ্বীপের উদ্দেশ্যে। এখানকার চটির মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। প্রথমে অনুমতি না পেলেও পরে শর্তসাপেক্ষ অনুমতি মেলে স্থানীয় প্রশাসনের। এরপরই গেরুয়া শিবিরের পক্ষ থেকে রথযাত্রার প্রাথমিক রুট স্থির করা হয়। এদিন বিজেপির রথ চটির মাঠ থেকে বেরিয়ে গৌরাঙ্গ সেতু হয়ে প্রথমে যাবে কৃষ্ণনগর। এরপর সেখান থেকে ধুবুলিয়া হয়ে যাবে বেথুয়াডহরি। বেথুয়াডহরিতে আজ রাতে থাকবেন নাড্ডা। এরপর আগামীকাল সকালে সেখান থেকে প্রথমে বার্ণিয়া, তারপর সেখান থেকে পলাশিপাড়া হয়ে তেহট্ট পৌঁছবে বিজেপির এই রথ।

RELATED Articles