‘একজন সাংসদ সীমা ছাড়িয়ে গিয়েছেন’, নাম না করেই অভিষেককে বেলাগাম আক্রমণ করলেন ধনখড়

এবার একরকম পরোক্ষভাবেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবারই হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙুল তুলেছিলেন অভিষেক। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল। এমনকি, মুখ্যসচিবকে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

গতকাল, শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাঁধে না”।

এই প্রসঙ্গ নিয়েই আজ, রবিবার অভিষেকের নাম না করেই রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি, তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন। বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। গতকাল যা হয়েছে, তার জন্য মুখ্যসচিব বলছি অবিলম্বে পদক্ষেপ করুন”।

রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত নতুন ঘটনা নয়। রাজ্যপাল দায়িত্বে আসার পর থেকেই একাধিকবার তিনি রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। কখনও শিক্ষা, কখনও ভোট পরবর্তী হিংসা তো আবার কখনও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার ফের একবার রাজ্যের বিরুদ্ধে কটাক্ষ শোনা গেল রাজ্যপালের মুখে।

RELATED Articles

Leave a Comment