বাংলার রাজনীতিতে শাসক ও প্রধান বিরোধী শিবিরের দ্বন্দ্ব নতুন কিছু নয়। ময়দানে কখনও বিক্ষোভ, কখনও আবার পথসভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ, সবই রাজনীতির অঙ্গ। তবে এবার সেই রাজনৈতিক ‘শত্রুতা’র বাইরে এক সম্পর্ক ঘিরে জলপাইগুড়ির মাটিতে দেখা দিল সম্পূর্ণ ভিন্ন ছবি। আর তা নিয়েই শুরু হয়েছে জোরদার বিতর্ক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির ভেতরে বসে রয়েছেন এক মহিলা ও এক পুরুষ। দু’জনেই রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি। সূত্র বলছে, মহিলা নেত্রী বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত এবং পুরুষ ব্যক্তি জলপাইগুড়ির এক জনপ্রতিনিধি তথা তৃণমূল নেতা। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড় করানো একটি গাড়ির ভেতরে তাঁরা একসঙ্গে বসে মদ্যপান করছেন। হঠাৎ স্থানীয় মানুষজন ঘটনাটি ধরে ফেলেন, আর তারপরই শুরু হয় ক্যামেরাবন্দি।
ভিডিয়ো রেকর্ডিং শুরু হতেই অস্বস্তিতে পড়ে যান দু’জনই। তৃণমূলের ওই নেতা প্রথমে প্রতিবাদ করলেও, পরে পরিস্থিতি বুঝে গাড়ি থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। বিজেপি নেত্রীও গ্লাস আড়াল করে দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের এমন আচরণ দেখে আরও সন্দেহ জাগে সাধারণ মানুষের মনে। পাশাপাশি নেতাদের এমন ‘ঘনিষ্ঠতা’র ভিডিও সামনে আসতেই চাপে পড়েছে দুই দলই। বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষই বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।
ঘটনার সূত্র ধরে প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে যতই একে অপরের বিরুদ্ধে সুর চড়াক, রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যে কি আড়ালে বোঝাপড়া থাকে? এই ধরনের সম্পর্ক কি জনগণের বিশ্বাসে ফাটল ধরায়? স্থানীয় মানুষদের অনেকেই বলছেন, যাঁরা প্রতিদিন একে অপরকে আক্রমণ করেন, তাঁদের এভাবে একসঙ্গে দেখা মানেই রাজনৈতিক ভণ্ডামির বহিঃপ্রকাশ। জলপাইগুড়ির রাজনৈতিক মহলেও চলছে চাপা গুঞ্জন।
আরও পড়ুনঃ Controversy in Panihati Ward Office: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় দিদির জামাকাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় কাউন্সিলর ও অনুগামীরা!
সংবাদমাধ্যমের কাছে ওই তৃণমূল নেতা জানান, “বিজেপি নেত্রীর বাড়ি আমাদের এলাকায়। তিনি গজলডোবা থেকে ফিরছিলেন, আমি বন্ধুর সঙ্গে যাচ্ছিলাম। পথে দেখা হওয়ায় কথা বলছিলাম।” যদিও মদের প্রসঙ্গে তিনি কিছু বলেননি। অন্যদিকে বিজেপি নেত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। তবে এই ঘটনা ঘিরে জলপাইগুড়ির রাজনীতিতে যে বড়সড় সঙ্কট তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। রাজনীতির ময়দানে যাঁরা প্রতিপক্ষ, তাঁদের এমন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরব সাধারণ মানুষ। অনেকে বলছেন, রাজনৈতিক বিশ্বাসের অন্তরালে কি তাহলে রয়েছে স্বার্থের অদৃশ্য চুক্তি?





