“আমি ভোট ছিনতাইকারী মস্তান”, তৃণমূল মন্ত্রীর সামনে এই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন এই তৃণমূল সভাপতি

উদয়ন গুহর পর এবার তৃণমূলের মাথা হেঁট করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের তপশিলি জাতি উপজাতি সেলের সভাপতি কৃষ্ণ দাস। ফের বেফাঁস মন্তব্য করে দলকে কাঠ গড়ায় তুললেন তৃণমূল সভাপতি।তার এই মন্তব্যের জেরে রাজ্যের মন্ত্রী গৌতম দেবকে রীতিমতো মুখ লুকিয়ে সভা থেকে পালাতে হয়েছে।

সোমবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক ডেকে ছিল তৃণমূল যেখানে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এখানেই কৃষ্ণ দাস বলে বসেন, “আমরা যদি দাগি মালদের ভোটে যেতে পারি তাহলে সদরের তাবড় তাবড় নেতার মানুষ থাকতেও কেন ভোটে জিততে পারি না?” শুধু তাই নয়, এর পরে তার দাবি আগামী বিধানসভা নির্বাচনের জলপাইগুড়ি শহরে তপশিলি জাতি উপজাতি সেলের কর্মীদের ঢুকিয়ে আসন তিনি সহজেই ছিনিয়ে নেবেন। এর সঙ্গে নিজেকেই মস্তান এবং ভোট ছিনতাইকারী বলে গর্ব সহকারে দাবি করেছেন কৃষ্ণ।

স্বাভাবিকভাবেই মঞ্চে উপস্থিত গৌতম দেব তখন রীতিমত অপ্রস্তুত। তাকে সভা শেষে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর না দিয়ে সভা থেকে বেরিয়ে যান। গত পঞ্চায়েত নির্বাচনে এই কৃষ্ণ দাসের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল যে তিনি জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ভোট লুট করেছিলেন। যদিও গত বছরের লোকসভা নির্বাচনে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি, জলপাইগুড়ি সদর আসন চলে গিয়েছে বিজেপির দখলে। তবে তৃণমূলের অন্দরে এখন একটাই প্রশ্ন হচ্ছে যে দাগি মাল কথাটা কার উদ্দেশ্যে বললেন কৃষ্ণ?

আরও অন্যান্য খবর