ফের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার জামাত জঙ্গি। নিষিদ্ধ বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত–উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমপি) এক জঙ্গিকে এবার বীরভূম থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। চলতি বছরই জুন মাসে হুগলি থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করে এসটিএফ। আর মে মাসের শেষের দিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় আর এক জামাত জঙ্গিকে।
তদন্তকারী এক পুলিশ আধিকারিকের কথায়, ধৃত জঙ্গির নাম নাজিবুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কাজ করতো ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। তাঁর প্রত্যেকটি পোস্টে অমুসলিমদের বিরুদ্ধে কট্টরপন্থী মনোভাব ব্যক্ত হয়। দেওয়া হয়েছে উস্কানিমূলক বার্তাঝ। একইসঙ্গে তরুণদের ইসলামী মৌলবাদের পথে চালিত করার জন্য উদ্বুদ্ধ করত ওই জঙ্গি।
এরপরই তাকে ধরতে উদ্যোগী হয় এসপিএফ। কলকাতা থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে বীরভূমের পাইকরে তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে এই জঙ্গিকে। তার বাড়িতে থাকা প্রিন্টিং প্রেস থেকে উদ্ধার হয়েছে একাধিক মৌলবাদী সাহিত্য এবং বই। একইসঙ্গে কিছু বৈদ্যুতিন যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এসটিএফের আধিকারিকের কথায়, ধৃতের বাড়ি থেকে বেশ কিছু তথ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে যা তার সঙ্গে জেএমবি–র যোগ আরও স্পষ্ট করছে। তার সঙ্গে এলাকার আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।





