মোয়ার জন্য বিখ্যাত হল জয়নগর। কিন্তু সেই জয়নগরের মোয়াই আজ বড় সংকটের মুখে পড়েছে। এবারের শীতে আদৌ জয়নগরের মোয়া কতটা রসনা তৃপ্তি জোগাতে পারবে, তা নিয়ে দেখা দিয়েছে ধন্ধ।
আসলে মোয়া তৈরির জন্য যে নলেন গুড় লাগে, তারই ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এর জেরেই প্রস্তুতকারকদের মাথায় হাত পড়েছে। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কিছু জায়গায় মোয়া তৈরিই বন্ধ হয়ে যেতে পারে এই বছর।
শীত প্রায় দোরগোড়ায়। কিন্তু খেজুরের রস সেভাবে মিলছে না। এর জেরে বেশ চিন্তায় রয়েছেন মোয়া প্রস্তুতকারকরা। অনেকেই মোয়া তৈরির কাজ শুরুই করতে চাইছেন না অনিশ্চয়তার কারণে।
জয়নগরের মোয়া ছাড়া শীতকালটা ঠিক যেন জমে না। কিন্তু এবার সবটাই গোলমেলে। মোয়া তৈরির জন্য নলেন গুড় অত্য়ন্ত প্রয়োজনীয়। কিন্তু এবার সেই নলেন গুড়ই ভালো করে মিলছে না। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবার মোয়া ব্যবসায়ীরা মহাসংকটে পড়েছেন। এদিকে নানা প্রতিকূলতার জেরে নতুন প্রজন্মও এই মোয়ার ব্যবসায় আসতে চাইছেন না। এর জেরে বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা মোয়ার ব্যবসাতে ঝাঁপ বন্ধ করে দিচ্ছে।
জেলায় জেলায় শিউলিরা যদিও খেজুরের রস সংগ্রহ করতে নেমেছেন। তবে আবহাওয়ার তারতম্যের জন্য খেজুরের রস ঠিকঠাক মিলছে না। গাছ থেকে নামানো খেজুরের রসই মোয়া তৈরির কাজে লাগে। আর সেই মোয়াই মানুষকে আনন্দ দেয়। কিন্তু সেই আনন্দে এবছর বাধ সাধতেই চলেছে বলে মনে করা হচ্ছে।





