Jiban Krishna Saha : পুকুরে ফোন ছুড়ে পালানোর চেষ্টা! শেষমেশ ইডির হাতে ধরা পড়লেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা!

রাজনীতির মঞ্চে তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। এলাকার উন্নয়ন থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড সবেতেই সক্রিয় অংশগ্রহণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর নাম বারবার জড়িয়ে পড়ছে বিতর্কে। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, যে মানুষ একসময় জনগণের আস্থা অর্জন করেছিলেন, তাঁকে কেন আজ তদন্ত সংস্থার কবলে পড়তে হল?

সোমবার ভোর হতেই মুর্শিদাবাদের কান্দিতে চাঞ্চল্য ছড়ায়। কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে উপস্থিত হন। শুধু তাই নয়, তাঁর পিসির বাড়ি ও শ্বশুরবাড়ি-সহ মোট পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল বহু আলোচিত এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষক নিয়োগ মামলা।

তদন্তকারীরা বাড়িতে পৌঁছতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বাড়ির পিছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন বিধায়ক। তবে কেন্দ্রীয় বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে আটক করে। এখানেই শেষ নয়, অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটান জীবনকৃষ্ণ। নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে দেন পুকুরের দিকে। কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি। ফোন দুটি পুকুরে পড়ার বদলে পাড়েই আটকে যায়। পরে সেগুলি উদ্ধার করে ইডি আধিকারিকরা।

এই ফোনগুলিই এখন তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে। জানা গেছে, প্রথমে তিনি ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে মোবাইল আনলক করানো হয়। সেখানে থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি, যা সরাসরি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। ২০২৩ সালে সিবিআই অভিযানের সময়ও একইভাবে ফোন পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কেন এত গোপনীয়তা? এই প্রশ্ন ঘিরে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ Kolkata high court : “প্রয়োজনে অনুদান বন্ধ করে দিক” — হাইকোর্টের নির্দেশ, দুর্গা পুজার ক্লাবগুলির হিসাব দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে!

অবশেষে দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডি। তাঁকে নিজেদের গাড়িতে করে কলকাতার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। সেখানেই চলবে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ। নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ মামলাতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজনৈতিক মহলে এখন তোলপাড়—তৃণমূলের এই বিধায়কের গ্রেফতারি নিঃসন্দেহে বড় ধাক্কা রাজ্যের শাসকদলের কাছে।

RELATED Articles