আর কয়েকদিন পরেই হতে চলেছে আসানসোল পুরসভার নির্বাচন। সব দলই এখন প্রার্থী তালিকা তৈরি করতে ব্যস্ত। এরমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখে শোরগোল উঠল আসানসোলে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কিনা জিতেন্দ্র তিওয়ারির নাম দেখা যাচ্ছে। তাহলে কি টিকিটের জন্য এবার বিজেপি ছেড়ে গোপনে তৃণমূলে চলে এসেছেন জিতেন্দ্র? এরকমটাই প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে।
একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি। আবার ফিরেছিলেন ঘাসফুলে। তারপর আবার গেলেন পদ্মফুলে।তাই অনেকেই ভাবতে শুরু করেন যে আবার টিকিটের জন্য ঘাসফুলে চলে এসেছেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু ঘটনাটা আসলে তা নয়। তালিকায় দেখা যাচ্ছে এবার 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু এই জিতেন্দ্র তিওয়ারি সেই জিতেন্দ্র তিওয়ারি নন। কারণ ওই তালিকার পাশে ছোট করে লেখা রয়েছে ৬৮ নম্বর ওয়ার্ড সভাপতি।সেটাই কেউ খেয়াল করেননি।আর সেই জন্যই হয়েছে গন্ডগোল। সবাই ভেবেছেন বিজেপি ছেড়ে জিতেন্দ্র তিওয়ারি আবার তৃণমূলে চলে এসেছেন টিকিটের জন্য। বিজেপির জিতেন্দ্র 38 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন।
যে জিতেন্দ্র তিওয়ারিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছেন তিনি বরাকরের মান বেড়িয়ার বাসিন্দা। পেশায় তিনি হোম টিউটর। তিনি তৃণমূল কংগ্রেসের একদম শুরু থেকে রয়েছেন। এই প্রসঙ্গে এই জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, ‘নাম ও প্রার্থী প্রচারের ক্ষেত্রে আমার অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ, সেটা জানি না। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। দল আমাকে সুযোগ দিয়েছেন প্রার্থী হওয়ার। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি।’





