আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তোষণ নীতিকে হাতিয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন ফের লালগড়ে তৃণমূল সুপ্রিমোকে তোষণ-অস্ত্রে বিঁধলেন তিনি। কখনও দুর্গাপুজোয় বিসর্জন প্রসঙ্গ টেনেছেন, কখনও আবার টেনে এনেছেন ‘জয় শ্রী রাম’ নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এর পাশাপাশি অভিষেক ও মমতার ভাষণ তুলে ধরে ‘বাংলার সংস্কৃতি’ নিয়েও নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
এদিন লালগড়ের সভায় তিনি বলেন,’জয় শ্রী রাম ধ্বনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। এটা কেমন রাজ্য! এরপরই তাঁর প্রশ্ন মর্যাদা পুরুষোত্তম রামের নাম নিলে আপনি ক্ষুব্ধ হচ্ছেন কেনও? আর তোষণ রাজনীতির জন্য আপনারা ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়েছেন। আর বেশিদিন নেই। প্রায়শ্চিত্ত করুন।’
এরপর সাম্প্রদায়িক বিভেদকে তুলে ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জিজ্ঞাসা করেন মহরম উপলক্ষে দুর্গাপুজোর বিসর্জনে নিষেধাজ্ঞা কেনও হয়? তাঁর কথায়,’তোষণের কারণে বন্ধ হয়েছে সরস্বতী ও দুর্গাপুজো। মহরমের অনুমতি দেওয়া উচিত। কিন্তু, পুজোয় বাধা দিয়ে নয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন কার্ফু ঘোষণা করলেন। অথচ ৫ দিন আগে মহরমের অনুমতি দেওয়া হয়েছিল।’
বাংলার সংস্কৃতি নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। বলেন,’আমার নামের আগে অলঙ্কার জুড়ছেন পিসি। আর ভাইপো, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপশব্দ বলছেন। এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে তৃণমূল?
একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন বাংলার ভবিষ্যৎ হতে পারে বিজেপিই। একমাত্র গেরুয়া শিবির ক্ষমতায় এলে তবেই ফিরবে অরবিন্দ, বিবেকাননন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের সংস্কৃতি।





