‘প্লিজ, জুনিয়র চিকিৎসকদের জন্য কিছু করবেন না স্যার…’, কুণালের সঙ্গে সাক্ষাতের পর চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে বার্তা আসফাকুল্লা-কিঞ্জলদের!

চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আর জি কর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন। বামপন্থী বলে পরিচিত এই চিকিৎসক আর জি করের ঘটনার রেশ টেনেই শাসক দলকে নানানভাবে আক্রমণও করেছেন। কিন্তু তাঁরই আবার শাসক দলের নেতা কুণাল ঘোষের সঙ্গে ছবি ভাইরাল হতেই, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এমন আবহে এবার চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দেওয়া হল জুনিয়র চিকিৎসকদের  তরফে।

গতকাল, বৃহস্পতিবার আচমকাই ভাইরাল হয় তৃণমূল নেতা কুণাল ঘোষ ও চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক করেছেন। তাঁর কথায়, আদালতের মাধ্যমে জট কাটানো সময় সাপেক্ষ। তাই আলোচনার মাধ্যমেই জট কাটতে পারে। তিনি এমনও বলেন, “এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়”।

তবে কুণালের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ মোটেই সদর্থক হিসেবে দেখছেন না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও হয়েছে বিস্তর। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া একটি পোস্টে লেখেন, “Respected sir! আপনি আমার একটি কথা আপনার wall এ লিখেছিলেন, ‘ভয় যেমন ছোঁয়াচে, সাহস তেমন ছোঁয়াচে’। সেদিন থেকে আপনার সব পোস্ট দেখি। আপনার আজকের পোস্ট দেখে কষ্ট পেলাম। বেশি কিছু লেখা ঔদ্ধত্য হবে। তাই আপনার পোস্টটা সাজিয়ে লিখলাম। গতকালের মিটিংয়ের পর থেকে এরকম লাগছে রাজনৈতিক সত্ত্বা। তারপর ডাক্তার। তারপর মানুষ”।

তাঁর আরও সংযোজন, “জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না। জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্যই রাস্তায়। আজকে থেকে সাধারণ মানুষের জন্য করুন। সবার জন্য করুন”। জুনিয়র চিকিৎসকের এই পোস্টের কমেন্ট বক্সে নানান কমেন্ট পড়েছে। এই পোস্টে একাধিক লাভ ইমোজি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ।  

বলে রাখি, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এর আগে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, “জুনিয়রদের ভালোর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপর ডাক্তার, তারপর আমার রাজনৈতিক সত্ত্বা”।

আরও পড়ুনঃ সকাল সকাল বিধ্বংসী আগুন শিয়ালদহের ইএসআই হাসপাতালে, মৃত্যু রোগীর, আতঙ্ক হাসপাতাল চত্বরে

প্রসঙ্গত, নিজেদের ১০ দফা দাবীতে অনড় জুনিয়র চিকিৎসকরা। গত ১৪ দিন ধরে আমরণ অনশন করছেন তারা। এরই মধ্যে অসুস্থও হয়ে পড়েছেন বেশ কিছু চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন তারা। গত সোমবার স্বাস্থ্যভবনে চিকিৎসকদের নানান সংগঠনের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মেলেনি। শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে জুনিয়র চিকিৎসকদের।  

RELATED Articles